ফরিদপুরে আগামী স্থানীয় নির্বাচনে অংশ নেবে গণঅধিকার পরিষদ (জিওপি)
আগামী স্থানীয় সরকার নির্বাচনে ফরিদপুরের অংশগ্রহণের ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি)। এই লক্ষ্যে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে নতুন করে সুসংগঠিত ও পুনর্গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ হাসান।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় ফরিদপুর প্রেসক্লাবে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক রুবেল শেখ-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ হাসান।
বক্তব্যে শেখ জাহিদ হাসান বলেন, “ইনশাআল্লাহ, ফরিদপুরে আগামী স্থানীয় সরকার নির্বাচনে গণঅধিকার পরিষদ (জিওপি) অংশ নেবে। এই লক্ষ্য বাস্তবায়নে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে নতুন করে সুসংগঠিত ও পুনর্গঠন করতে হবে।”
সংগঠনের ইতিহাস স্মরণ করে তিনি আরও বলেন, “২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যাত্রা শুরু হয়। পরবর্তীতে জাতির প্রয়োজনে এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্য সামনে রেখে গঠিত হয় গণঅধিকার পরিষদ (জিওপি)।”
তিনি তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার পাশাপাশি সংগঠনের সার্বিক সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা, জিওপি সিনিয়র সহ-সভাপতি মোঃ ফিরোজ শেখ,সহ-সভাপতি মনির চৌধুরী, জিয়া খাঁন,আলমগীর শিকদার, আলিমুজ্জান লাভবু শরীফ, ফরিদপুর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো: বায়জিদ হোসেন বিপুল, ফরিদপুর জেলা শ্রমিক অধিকার পরিষদ সহ-সভাপতি সোহেল খাঁন,উপজেলা সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, সদর জিওপি’র সাবেক সদস্য সচিব রাজু আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন জিওপি সালথা উপজেলা সাবেক সদস্য সচিব আবুল কাশেম মোল্লা (ইমরান) সহ বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

আপনার মতামত লিখুন