জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মুফতি মিজানুর রহমান সাঈদকে সভাপতি, সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে সিনিয়র সহসভাপতি, মুফতি রেজাউল করীম আবরারকে সাধারণ সম্পাদক এবং মুফতি শামছুদ্দোহা আশরাফীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়াম, খামারবাড়ি, ফার্মগেটে আয়োজিত ন্যাশনাল ওলামা সামিটে এ নতুন কমিটি ঘোষণা করা হয়। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ওলামা সামিটে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। তিনি নতুন কমিটির নাম ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগের কমিটির ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। মুফতি মিজানুর রহমান সাইদ এবং মুফতি রেজাউল করীম আবরার আগের কমিটিতেও যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ফলে নতুন সেশনেও সংগঠনের গুরুত্বপূর্ণ দুটি পদে তাদের দায়িত্ব অব্যাহত থাকল।
নতুন কমিটিতে সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে সিনিয়র সহসভাপতি এবং মুফতি শামছুদ্দোহা আশরাফীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কমিটির পূর্ণাঙ্গ তালিকা পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।
ন্যাশনাল ওলামা সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ওলামা-মাশায়েখ ও আইম্মারা অংশগ্রহণ করেন। সামিটে আলেম-ওলামাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে আগামী ২০২৭-২০২৮ সেশনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি দেশের আলেম-ওলামা ও মাশায়েখদের মধ্যে সমন্বয় জোরদারে নতুন কমিটি ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন