২০২৭ সালের দাওরায়ে হাদিস পরীক্ষার তারিখ ঘোষণা
দেশের কওমি মাদরাসা সমূহের সর্বোচ্চ অথরিটি ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’ আগামী ১৪৪৮ হিজরি/২০২৭ সনের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার অফিশিয়াল সময়সূচি ও তারিখ ঘোষণা করেছে। আগামী ২১ জানুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার) থেকে দেশব্যাপী একযোগে এই কেন্দ্রীয় পরীক্ষা শুরু হবে।
শনিবার (০৪ জুলাই ) হাইআতুল উলয়ার চেয়ারম্যান, আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আল-হাইআতুল উলয়া-এর স্থায়ী কমিটির এক উচ্চপর্যায়ের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত ও রুটিন গৃহীত হয়।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১২/১৩ শা‘বান ১৪৪৮ হিজরি মোতাবেক ২১ জানুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার) থেকে পরীক্ষা শুরু হবে। মাঝখানে বিরতিসহ আগামী ২৩/২৪ শা‘বান ১৪৪৮ হিজরি মোতাবেক ১ ফেব্রুয়ারি ২০২৭ (সোমবার) পরীক্ষা শেষ হবে।
বোর্ডের নিয়ম অনুযায়ী, পরীক্ষার পুরো মেয়াদের মধ্যে ২২ জানুয়ারি এবং ২৯ জানুয়ারি (২০২৭) শুক্রবার হওয়ায় সাপ্তাহিক ছুটির কারণে ওই দুই দিন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
নিবন্ধন ও পরবর্তী নির্দেশনা:
আল-হাইআতুল উলয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪৪৮ হিজরি/২০২৭ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইন/অফলাইন নিবন্ধনের (Registration) সুনির্দিষ্ট সময়সূচি, ফি এবং পরীক্ষার অন্যান্য বিস্তারিত নিয়ম-কানুন ও গাইডলাইন শিগগিরই মাদরাসাসমূহের জন্য পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের বিশেষ নির্দেশক্রমে বোর্ডের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান গণমাধ্যমকে এই পরীক্ষার তারিখ ও সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন