খুঁজুন
সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমা নারীবাদের অশুভ খপ্পর থেকে রক্ষায় নারীদের সচেতন করতে হবে: পীর সাহেব চরমোনাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
পশ্চিমা নারীবাদের অশুভ খপ্পর থেকে রক্ষায় নারীদের সচেতন করতে হবে: পীর সাহেব চরমোনাই

পশ্চিমা নারীবাদের ধারণা তরুণ প্রজন্ম ও সমাজকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে তা থেকে রক্ষায় নারীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্রী ও মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত ‘জেলা-মহানগর ছাত্রী ও মহিলা বিষয়ক দায়িত্বশীল কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ছাত্রী ও মহিলা বিষয়ক সম্পাদক শেখ মু. আবু তাহেরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও শাহ ইফতেখার তারিক।

অনুষ্ঠানে পশ্চিমা নারীবাদ নিয়ে মন্তব্য করে পীর সাহেব চরমোনাই বলেন, প্রাচ্যের সমাজব্যবস্থা ও পারিবারিক কাঠামো পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ এবং সহমর্মিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইসলাম নারী ও পুরুষকে একে অপরের পরিপূরক হিসেবে নির্দেশ করেছে। অথচ পশ্চিমা নারীবাদ নারী ও পুরুষকে আলাদা শ্রেণিতে বিভক্ত করে তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এবং সৌহার্দ্যের সম্পর্ককে বিরোধপূর্ণ করে তুলেছে। এই সংস্কৃতি থেকে প্রজন্মকে রক্ষা করতে সচেতনতা জরুরি।

কর্মশালায় বর্তমান জাতীয় প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার মতো নাশকতা রোধে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটাতে হবে। পাশাপাশি দীর্ঘদিনের লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং শ্রমিকদের জন্য ন্যায্য ও ইনসাফপূর্ণ নিম্নতম মজুরি নির্ধারণের দাবি জানান তিনি।

‘আমি তো কথাটি তাকে বলিনি, সে আমার সন্তানের মতো প্রিয়’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
‘আমি তো কথাটি তাকে বলিনি, সে আমার সন্তানের মতো প্রিয়’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক সম্পর্কে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন হেফাজত আমিরের ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেক। তার দাবি, বক্তব্যটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে আল্লামা বাবুনগরী মাওলানা মামুনুল হককে উদ্দেশ্য করে কোনো গালির শব্দ ব্যবহার করেননি।

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর একটি বক্তব্যকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে আমিরে হেফাজতের ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেক তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ঘটনার ব্যাখ্যা তুলে ধরেন।

পোস্টে তিনি জানান, প্রচারিত বক্তব্যটি আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে শোনানো হলে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি তো কথাটি তাকে বলিনি। সে তো আমার সন্তানের মতো প্রিয়।’

মাওলানা আব্দুল খালেকের পোস্টে আরও বলা হয়, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রচলিত ‘কুত্তার বাচ্চা’ শব্দটি সব ক্ষেত্রে গালি হিসেবে ব্যবহৃত হয় না। বিশেষ কিছু আঞ্চলিক প্রেক্ষাপটে এটি কথার বুলি কিংবা স্নেহ প্রকাশের ভাষা হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। এমনকি সন্তানকে আদর করেও এ ধরনের শব্দ ব্যবহারের প্রচলন রয়েছে।

পোস্টের বক্তব্য অনুযায়ী, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী মাওলানা মামুনুল হককে উদ্দেশ্য করে ওই শব্দ ব্যবহার করেননি। এমনকি তাঁর নাম উল্লেখ করেও কথাটি বলেননি।

এ অবস্থায় আঞ্চলিক ভাষার কোনো শব্দকে মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে ব্যক্তিগত আক্রমণ বা অপমান হিসেবে প্রচার না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট বিবেচনা করে বিষয়টি মূল্যায়ন এবং এ নিয়ে মনগড়া ব্যাখ্যা ও বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

কুড়িগ্রামে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক ইদ্রিস

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক ইদ্রিস

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, সহ-সভাপতি হিসেবে হাফেজ মাওলানা আব্দুল বারী এবং সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ মাওলানা ইদ্রিস হুসাইন নির্বাচিত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূর বখত মিঞা, আব্দুল কাদের, শরিফুজ্জামান সিদ্দিকী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি সাইফ মুহাম্মদ শাহ আলম।

সম্মেলনে বক্তারা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, যুবসমাজকে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে গড়ে তুলতে সংগঠনের দায়িত্বশীলদের আরও আন্তরিক ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, দাওয়াতি কার্যক্রম জোরদার এবং দেশ ও জাতির কল্যাণে যুবকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আ ন ম আশিকুর রহমান। এ সময় সংগঠনের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনের শেষ পর্যায়ে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। এতে হাফেজ মাওলানা শহিদুল ইসলামকে সভাপতি, হাফেজ মাওলানা আব্দুল বারীকে সহ-সভাপতি এবং হাফেজ মাওলানা ইদ্রিস হুসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

জিওপির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় ফরিদপুর বিভাগের পাঁচ জেলার নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
জিওপির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় ফরিদপুর বিভাগের পাঁচ জেলার নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ

গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে অংশ নিয়েছেন ফরিদপুর বিভাগের পাঁচ জেলার নেতাকর্মীরা।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর বিভাগীয় উপ-কমিটির দায়িত্বশীল আরিফুল ইসলাম, অ্যাডভোকেট ফিরোজ মুন্সী ও মো. সাইফুল ইসলামের নেতৃত্বে বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে পুরানা পল্টনের আল-রাজী কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যোগ দেন ফরিদপুর বিভাগের নেতাকর্মীরা। এ সময় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। তাঁদের স্লোগানের মধ্যে ছিল—‘তোমার আমার পরিষদ, গণঅধিকার পরিষদ’, ‘বাংলাদেশের ভবিষ্যৎ, গণঅধিকার পরিষদ’, ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ এবং ‘ফরিদপুর বিভাগের মাটি, ভিপি নুরের ঘাঁটি’।

কর্মসূচিতে ফরিদপুর বিভাগ গণঅধিকার পরিষদের আওতাধীন গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী ও ফরিদপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

ব্রেকিং নিউজ