খুঁজুন
শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে সরকারের থ্রি-আর কৌশলের কথা জানালেন প্রধানমন্ত্রী

দেশজামানা ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
জাতিসংঘে সরকারের থ্রি-আর কৌশলের কথা জানালেন প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রেস্টারেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ থ্রি-আর কৌশল অনুসরণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় দেওয়া তার ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসান ঘটিয়ে, ২০২৪ সালে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে স্বাভাবিক নিয়মে পরিণত হওয়া গুম খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারের অভিশাপ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ বর্তমানে পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সামনে বর্তমানে এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগে বর্তমানে বাংলাদেশে কর্মক্ষম জনশক্তিকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।’

তারেক রহমান বলেন, ‘ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে ‘ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তুলতে বিস্তারিত পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কর্মযজ্ঞে বাংলাদেশ তার উন্নয়ন সহযোগীদের পাশে পেতে চায়।’

তিনি আরও বলেন, ‘দেশের তরুণ উদ্যোক্তা, গবেষক এবং উদ্ভাবকদের জন্য স্টার্ট আপ উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরি করে দিতে সরকার চলতি অর্থ বছরে ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে।’

ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি; সভাপতি মানসুর সাকী, সেক্রেটারি রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি; সভাপতি মানসুর সাকী, সেক্রেটারি রহমাতুল্লাহ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ২০২৭-২৮ সেশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মুফতী মানসুর আহমদ সাকীকে সভাপতি এবং মুফতী রহমাতুল্লাহ বিন হাবিবকে সেক্রেটারি জেনারেল করা হয়েছে। এছাড়া আ হ ম আলাউদ্দীন ও অ্যাডভোকেট বায়েজিদ হোসাইনকে সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, রমনায় অনুষ্ঠিত সংগঠনটির ৬ষ্ঠ জাতীয় যুব কনভেনশনে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কনভেনশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের চলমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির শীর্ষ চার দায়িত্বশীলের নাম ঘোষণা করেন।

নতুন কমিটির সভাপতি মুফতী মানসুর আহমদ সাকী এর আগে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। ২০২৫-২৬ সেশনের কেন্দ্রীয় কমিটিতেও তিনি একই দায়িত্বে ছিলেন।

অন্যদিকে, নতুন সেক্রেটারি জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব এর আগে সংগঠনটির কেন্দ্রীয় পর্যায়ে জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন।

নতুন কমিটি ঘোষণার আগে কনভেনশনে সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, সিনিয়র নায়েবে আমির, মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

নতুন কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণার পর পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কর্মীদের মেধা, আদর্শ ও ঈমানি শক্তি কাজে লাগিয়ে দেশের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। একই সঙ্গে আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইসলামের পক্ষে শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নারায়ণগঞ্জে যুব আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বুলবুল হত্যার বিচার আদায়সহ সব ধরনের হত্যা, খুন, গুম ও ধর্ষণের বিরুদ্ধে যুব আন্দোলনকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

কনভেনশনে বিদায়ী সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ গ্রহণে সংগঠনের প্রত্যেক কর্মীকে প্রস্তুত থাকতে হবে।

কনভেনশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনসহ জাতীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

এ সময় স্থানীয় সরকার নির্বাচন, যুবসমাজের কর্মসংস্থান, নৈতিক নেতৃত্ব গঠন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য ও আলোচনা হয়।

কলাম

কখন জানি ব্রেকফেল করে সীমাহীন সম্ভাবনা নিয়ে জন্ম নেওয়া গণঅধিকার পরিষদের ট্রাক

ইব্রাহীম মোল্লা
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
কখন জানি ব্রেকফেল করে সীমাহীন সম্ভাবনা নিয়ে জন্ম নেওয়া গণঅধিকার পরিষদের ট্রাক

বর্তমান সরকার গঠনের প্রায় সাত মাস অতিক্রান্ত হতে চললো। গণঅধিকার পরিষদ এই সরকারের একটি অন্যতম অংশীদার এবং দলের শীর্ষ নেতৃত্ব মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব করছেন। কিন্তু এই সাত মাসের রাজনৈতিক পথচলায় দলের সাধারণ কর্মী ও সমর্থকদের মনে কিছু মৌলিক ও কঠিন প্রশ্ন জেগেছে, যার উত্তর খোঁজা এখন সময়ের দাবি।

১. কর্মীদের ত্যাগ ও প্রাপ্তির ব্যবধান: ছাত্র অধিকার পরিষদের যে তরুণরা তাদের জীবনের সবচাইতে সোনালী ৮টি বছর এই দল প্রতিষ্ঠার পেছনে নিবেদিতভাবে ব্যয় করেছে, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ এবং প্রবাসী অধিকার পরিষদের যে শত শত নেতাকর্মী মেধা, শ্রম ও জীবনের ঝুঁকি নিয়ে ত্যাগের পরিচয় দিয়েছে—গত সাত মাসে তাদের অবস্থান কোথায়? পটুয়াখালী কেন্দ্রিক গুটিকয়েক নেতাকর্মী ছাড়া সারা বাংলাদেশের গণঅধিকার পরিষদের কয়জন ত্যাগী কর্মী ন্যূনতম মূল্যায়ন বা কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন?

২. অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক মাশুল: সরকারের অংশীদার হওয়ায় এবং নির্দিষ্ট রাজনৈতিক জোটের সাথে থাকার কারণে সরকারের যাবতীয় ব্যর্থতা, অনিয়ম ও সিদ্ধান্তের জন্য জনগণের কাছ থেকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদেরই সবচেয়ে বেশি সমালোচনা ও ধিক্কার সহ্য করতে হচ্ছে। অর্থাৎ, সরকারে থাকার কোনো রাজনৈতিক বা সাংগঠনিক সুফল সাধারণ নেতাকর্মীরা পাচ্ছেন না, অথচ সরকারের সমালোচনা ও জনরোষের পুরোটাই তৃণমূল কর্মীদের বহন করতে হচ্ছে—যা রাজনীতিতে অত্যন্ত হতাশাজনক।

৩. জনপ্রিয় ও প্রভাবশালী নেতাদের ধরে রাখতে ব্যর্থতা: গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিভিন্ন অঞ্চল থেকে অনেক সাবেক উপজেলা চেয়ারম্যান এবং প্রভাবশালী স্থানীয় নেতা গণঅধিকার পরিষদে যুক্ত হতে চেয়েছিলেন কিংবা যুক্ত হয়ে নির্বাচন করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, দল এই ধরনের সম্ভাবনাময় ও জনাধিপত্য থাকা নেতাদের ধরে রাখতে বা যথাযথ মূল্যায়ন করতে পারেনি।

উদাহরণস্বরূপ, গোপালগঞ্জ-১ আসনের সাবেক উপজেলা চেয়ারম্যান কাবির মিয়ার কথা বলা যায়। তিনি কারাগার থেকে নির্বাচনে অংশ নিয়েও ৫৪,০০০-এর বেশি ভোট অর্জন করেছিলেন—যা দলের সভাপতি নুরুল হক নুরের পরেই দ্বিতীয় সর্বোচ্চ অর্জন।

এত বড় জনভিত্তি থাকা সত্ত্বেও এমন প্রভাবশালী নেতারা আজও আইনি জটিলতা বা কারাগারের প্রকোষ্ঠে দিন কাটাচ্ছেন, অথচ দল হিসেবে তাঁদের পাশে যেভাবে দাঁড়ানো বা আইনি ও রাজনৈতিক সুরক্ষা দেওয়া উচিত ছিল, তার তীব্র অভাব লক্ষ্য করা গেছে। যখন কোনো দল নিজের হেভিওয়েট ও গণভিত্তিসম্পন্ন নেতাদের নিরাপত্তা বা মূল্যায়ন দিতে পারে না, তখন নতুন করে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের এই দলে আসার পথ রুদ্ধ হয়ে যায়।

 

৪. সুদূরপ্রসারী নীতি ও সাংগঠনিক দর্শনের অভাব: একটি সম্ভাবনাময় রাজনৈতিক দলকে জাতীয় পর্যায়ে বিস্তৃত করার জন্য যে ধরনের সুনির্দিষ্ট নীতি ও কর্মপরিকল্পনা থাকা প্রয়োজন, তার তীব্র অভাব লক্ষ্য করা যাচ্ছে:

দ্বিতীয় সারির নেতৃত্ব বিকাশ: প্রথম সারির নেতাদের পাশে দ্বিতীয় বা তৃতীয় সারির সম্ভাবনাময় নেতাদের জাতীয়ভাবে পরিচিত করার কোনো কার্যকর উদ্যোগ নেই।

প্রচার ও যোগাযোগ: আধুনিক রাজনীতির উপযোগী শক্তিশালী সোশ্যাল মিডিয়া বা মিডিয়া প্ল্যাটফর্ম গড়ে তোলার ক্ষেত্রে ঘাটতি স্পষ্ট।

কর্মীদের সুযোগ-সুবিধা: বেকার ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পুনর্বাসন বা কর্মসংস্থানের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।

পুরো দলটি আজ তৃণমূল পর্যন্ত বিস্তৃত একটি জাতীয় দলের চেহারার বদলে পটুয়াখালী কেন্দ্রিক একটি সীমিত রাজনৈতিক বলয়ে রূপ নেওয়ার আশঙ্কায় পড়েছে। দলটির উচ্চতর পরিষদ বা নীতিনির্ধারকরা এই বাস্তবতাকে কতটা উপলব্ধি করছেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

৫. সম্ভাবনাময় তরুণদের প্রস্থান ও এনসিপির উত্থান: আজকের ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-র দিকে তাকালে এই সাংগঠনিক ব্যর্থতার চিত্র আরও পরিষ্কার হয়। এনসিপির যে তরুণ তুর্কিরা আজ জাতীয় পর্যায়ে পরিচিত লাভ করেছেন, যাদের মধ্যে কেউ সাবেক উপদেষ্টা কিংবা সংসদ সদস্য হিসেবে বিরোধী দলের ভূমিকায় থেকে জনগণের কাছাকাছি রয়েছেন—তাদের একটি বড় অংশ একসময় গণঅধিকার পরিষদ বা এর অঙ্গসংগঠনের সাথে যুক্ত ছিলেন। দুঃখজনক হলেও সত্য, এই দল সেই সম্ভাবনাময় নেতৃত্বকেও ধরে রাখতে ব্যর্থ হয়েছে। আজ স্পষ্ট প্রতীয়মান হয় যে, তারা যদি তৎকালীন সময়ে নতুন পথ বেছে না নিতেন, তবে হয়তো রাজনীতিতে তাদের প্রতিভা ও জাতীয় পরিচিতি বিকশিত হওয়ার সুযোগ পেত না।

৬. ‘তৃতীয় শক্তি’ গঠনের স্বপ্ন বনাম আদর্শচ্যুত হওয়ার দ্বিধা: সীমাহীন সম্ভাবনা নিয়ে জন্ম নিয়েছিল পরিষদ। যখন বিএনপির মতো বৃহৎ শক্তি মাঠে দাঁড়াতে পারছিল না, জামায়াতের মতো সুসংগঠিত শক্তি নিজেদের সাংগঠনিক পরিচয় দিতে পারে নাই, তখন একঝাঁক মেধাবী সাহসী তরুণরা সীমাহীন দেশপ্রেমের স্বপ্ন নিয়ে শুরু করেছিল। প্রশ্ন ওঠে—তাহলে কেন আজ তারা জনগণ থেকে দূরে সরে যাওয়ার পথে? আওয়ামী লীগ-বিএনপির বাইরে ‘তৃতীয় শক্তি’র জন্ম দেওয়ার জন্যই তো সাধারণ মানুষ ও তরুণরা গণঅধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত হয়েছিল; তাহলে কেন ঘুরেফিরে পরিবর্তনের কথা বলে আবার সেই পুরোনো রাজনৈতিক ধারার বলয়ে বন্দি হয়ে পড়ল? এই কৌশলগত ভুল দলটিকে জনবিচ্ছিন্ন করে ফেলছে।

উপসংহার: এই মূল্যায়ন কোনো অন্ধ বিরোধিতার জায়গা থেকে নয়, বরং দলের প্রতি গভীর ভালোবাসা এবং ত্যাগী কর্মীদের কষ্টের জায়গা থেকে উঠে এসেছে। রাজনীতিতে ‘শেষ’ বলে কিছু নেই এবং সময়মতো ভুল সংশোধন করতে পারলে ঘুরে দাঁড়ানো সর্বদা সম্ভব। গণঅধিকার পরিষদের শীর্ষ নেতৃত্বের উচিত দ্রুত পটুয়াখালী কেন্দ্রিক চিন্তা থেকে বের হয়ে তৃণমূলের ত্যাগী কর্মী ও আঞ্চলিক প্রভাবশালী নেতাদের মূল্যায়ন করা, দ্বিতীয় সারির নেতৃত্ব গড়ে তোলা, আইনি ও রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করা এবং দলকে একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ জাতীয় রাজনৈতিক শক্তিতে রূপান্তরের কার্যকর পদক্ষেপ নেওয়া।

সময় গড়িয়ে যাওয়ার আগেই এই আত্মউপলব্ধিটুকু আসা অত্যন্ত জরুরি।

লেখক: কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক

জাতিসংঘের সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান

দেশজামানা ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
জাতিসংঘের সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে বিভিন্ন দায়িত্বে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ৬ জন বাংলাদেশী।

বাংলাদেশী কূটনীতিক আব্দুল আলিম ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা স্বল্পোন্নত ও বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার সভাপতিত্বে বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেবেন তারেক রহমান।

জাতিসংঘ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, জাইমা রহমান সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। কার্যালয়ের আইনি বিষয়গুলো দেখাশোনা করাই হবে তাঁর প্রধান দায়িত্ব।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমান। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।

জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। পরে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হন।

এদিকে ৮১তম সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পাওয়া আব্দুল আলিম দীর্ঘদিন ধরে কূটনৈতিক পেশায় যুক্ত। এর আগে তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেছেন।

জাতিসংঘের কর্মকর্তারা জানান, সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের নিয়মিত কর্মী নন এবং সংস্থা থেকে তিনি নিয়মিত কোনো বেতন পান না। সভাপতির বেতন-ভাতা, আবাসন বা বাড়িভাড়াসহ বিভিন্ন ব্যয় সাধারণত তার নিজ দেশ বা সরকার বহন করে। তবে কিছু ক্ষেত্রে জাতিসংঘের নিয়মিত বাজেট ও ট্রাস্ট ফান্ড থেকেও নির্দিষ্ট ব্যয় নির্বাহ করা হয়।

ব্রেকিং নিউজ