খুঁজুন
মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মীর মুগ্ধ’র পরিবারের সাক্ষাৎ

দেশজামানা ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মীর মুগ্ধ’র পরিবারের সাক্ষাৎ

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পরিবারের সদস্যগণ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহীদ মুগ্ধ’র পিতা মীর মোস্তাফিজুর রহমান, ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও পরিবারের সদস্য মাহফুজা জাফরিন আরিবা রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসস’কে এ তথ্য জানান।

এ সময় রাষ্ট্রপতি মুগ্ধ’র পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সাক্ষাৎকালে পরিবারের সদস্যগণ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণ, পুনর্বাসন এবং আহতদের চিকিৎসায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তারা শহীদ ও আহতদের পরিবারের কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রমগুলো যথাযথ বাস্তবায়নের অনুরোধ জানান।

এ সময় সদস্যগণ গেজেট প্রজ্ঞাপনে প্রকাশিত ৮৪৫ জন জুলাই শহিদের নাম খচিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের একটি রেপ্লিকা রাষ্ট্রপতিকে উপহার দেন।

রাষ্ট্রপতি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করার সংগ্রামে যাঁরা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, জাতি তাঁদের আত্মত্যাগ কখনো ভুলবে না।

তিনি অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর সার্বিক কল্যাণ, আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

রাষ্ট্রপতি এ সময় জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও চিরশান্তি কামনা করেন।সাক্ষাৎকালে বঙ্গভবনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাকশক্তিহীন অসুস্থ যুবদল নেতা রফিকের পাশে স্পিকার হাফিজ, দিলেন চিকিৎসা সহায়তা

শফিকুর রহমান সবুজ, ভোলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
বাকশক্তিহীন অসুস্থ যুবদল নেতা রফিকের পাশে স্পিকার হাফিজ, দিলেন চিকিৎসা সহায়তা

ভোলার লালমোহন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে স্পিকারের ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া চিকিৎসা সহায়তার অর্থ রফিকুল ইসলামের হাতে তাঁর বাসায় গিয়ে তুলে দেন লালমোহন পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু।

জানা গেছে, কয়েক বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইসিসে আক্রান্ত হন রফিকুল ইসলাম। এরপর থেকে তিনি বাকশক্তি হারিয়ে কথা বলতে পারেন না। তাঁর পরিবারে কোনো পুত্রসন্তান নেই; রয়েছে দুই কন্যাসন্তান। পরিবারের উপার্জনের নির্দিষ্ট কোনো উৎস না থাকায় দীর্ঘদিন ধরে অসুস্থ রফিকুল ইসলাম ও তাঁর পরিবার মানবেতর জীবনযাপন করছেন।

সম্প্রতি রফিকুল ইসলামের অসহায়ত্বের কথা তুলে ধরে সংবাদকর্মী এম.ইউ. মাহিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি হৃদয়স্পর্শী পোস্ট দেন। বিষয়টি স্পিকারের নজরে এলে তিনি রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেন।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম রফিকুল ইসলামের পরিবারের জন্য নিয়মিত মাসিক আর্থিক সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা করারও আশ্বাস দেন বলে জানা গেছে। এর আগেও তিনি রফিকুল ইসলামের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছিলেন।

অনুদানের অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহীন পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নিরব হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসান, সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

নতুন হাওয়া ভবন তৈরি হচ্ছে: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
নতুন হাওয়া ভবন তৈরি হচ্ছে: সারজিস আলম

নতুন হাওয়া ভবন তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।

পোস্টে সারজিস আলম লেখেন, তৈরি হচ্ছে নতুন হাওয়া ভবন, বাপের ব্যাটারা লুটপাট করছে হাজার কোটি টাকা।

তিনি আরও লিখেন, মাঝখান দিয়ে জনগণের রক্ত-ঘামের টাকা শোষণ করা হচ্ছে সবকিছুর দাম বাড়িয়ে!

এর আগে এদিন রাতে, সরকার দেশের জ্বালানির তেলের নতুন দাম নির্ধারণ করেন। বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা ও পেট্রোল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা হয়েছে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে ২১ সেপ্টেম্বর থেকে এ দাম কার্যকর হবে।

জ্বালানি বিভাগ বলছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা এখনো অব্যাহত আছে। তবে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও সরকার জনস্বার্থে দেশে মূল্যবৃদ্ধি করেনি। ফলে, গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত বিপিসির প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

এমপি গাজী নজরুলের বাসায় পাওয়া ‘মরিয়মের চিঠি’তে চাঞ্চল্যকর তথ্য

দেশজামানা ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
এমপি গাজী নজরুলের বাসায় পাওয়া ‘মরিয়মের চিঠি’তে চাঞ্চল্যকর তথ্য

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া হাতে লেখা কয়েকটি চিঠি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। চিঠিগুলোতে সম্পর্কের টানাপড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ ও মানসিক কষ্টের কথা উঠে এসেছে।

জাতীয় সংসদের অফিশিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় নিজের অবস্থান, আক্ষেপ ও আত্মসম্মান রক্ষার কথাও তুলে ধরেছেন মরিয়ম খাতুন। তবে গণমাধ্যমের পক্ষ থেকে এটি মরিয়ম খাতুনের নিজের হাতে লেখা কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এমপি গাজী নজরুলের বাসা থেকে উদ্ধার হওয়া হাতে লেখা এসব চিঠিতে সম্পর্কের নানা আবেগঘন মুহূর্তের কথা উঠে এসেছে। ভালোবাসার পাশাপাশি সেখানে রয়েছে প্রতারণার অভিযোগ, সম্পর্কের জটিলতা, বিশ্বাসভঙ্গ এবং তীব্র মানসিক কষ্টের কথা। নিজেকে দাবার গুটি মনে হওয়ার কষ্টের পাশাপাশি শেষ পর্যন্ত হার না মানার প্রত্যয়ের কথাও লেখা হয়েছে এসব চিঠিতে।

‘তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি’, ‘আমি হেরেছি—তুমি জিতেছো’ কিংবা ‘ততটা সস্তা আমি নই’—এমন তীব্র বাক্যে ফুটে উঠেছে গভীর মানসিক দ্বন্দ্বের চিত্র।

জাতীয় সংসদের অফিশিয়াল প্যাডে কালো কালিতে লেখা একটি পাতায় আক্ষেপ প্রকাশ করে বলা হয়েছে—

‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে, কিন্তু জিততে পারিনি হেরে গেলাম ময়দানে। জিতবই বা কেমনে যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি।’

সাধারণ একটি পাতায় নিজের অবস্থান ও ভালোবাসার টানাপড়েনের কথা তুলে ধরা হয়েছে। সেখানে লেখা, ‘সে ছিল অন্য নারীর স্বামী।

কাগজে-কলমে অধিকার ছিল তার বউয়ের। আর আমি ছিলাম বোকা…!!! অন্য কারো স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ…!!! কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের কারণ… ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়… ভালোবাসা হয় সম্পূর্ণ, না হয় অপূর্ণ!”

বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারিত হওয়ার অনুভূতিও প্রকাশ করা হয়েছে একটি পাতায়। সেখানে লেখা হয়েছে, ‘সে বলেছিল, আজ থেকে আমরা বন্ধু…চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানত—আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক গুটি।

জাতীয় সংসদের প্যাডে লেখা অন্য একটি পাতায় ক্ষোভ ও পরিণতির কথা তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে—‘আমি হেরেছি…তুমি জিতেছো…কারণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো। আমি, শৃঙ্গের শেষ বাড়িয়ে ও হাসতে হাসতে মুখে হাসি রেখেছি…দেখে নাও এই হাসির কারণই হবে তোমার ধ্বংসের কারণ।’

লাল কালিতে লেখা সংক্ষিপ্ত একটি বার্তায় নিজের আত্মসম্মানের কথা তুলে ধরা হয়েছে। সেখানে লেখা—‘শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই… তা না হলে যতটা সস্তা ভাবছো ততটা সস্তা আমি নই…!’

তারিখসংবলিত ধর্মীয় আমলের পাতা:

ওইচিঠিগুলোর সঙ্গে ‘১২-০৭-২০২৬’ তারিখসংবলিত একটি পাতাও পাওয়া গেছে। ওই পাতায় ঘুমানোর আগে করণীয় কয়েকটি ধর্মীয় আমলের তালিকা লেখা রয়েছে।

পাতাটিতে লেখা—‘১২-০৭-২০২৬ ঘুমানোর আগে ৬টি আমল : কালেমা পড়ে, দুরুদ শরিফ, ঘুমের দোয়া, আয়াতুল কুরসি, বিসমিল্লাহির রহমানির রাহিম ২১ বার, আস্তাগফিরুল্লাহ ৩ বার, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া এহিয়া, দুরুদ শরিফ ১১ বার, ইয়া আরহামার রাহিমিন ১১ বার।’

উদ্ধার হওয়া এসব হাতে লেখা পাতায় সম্পর্ক, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ এবং আত্মসম্মান রক্ষার নানা অনুভূতির প্রকাশ দেখা যায়। একই সঙ্গে একটি লেখায় ভবিষ্যৎ পরিণতি নিয়ে কঠোর সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

ব্রেকিং নিউজ