মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে হাইকোর্টে রিট
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) ১১ জন বিরোধীদলীয় সংসদ সদস্য এ রিট আবেদন করেন। তাদের দাবি, এ ধরনের দায়িত্ব বণ্টন সংবিধান, রুলস অব বিজনেস ও উচ্চ আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক এবং এর মাধ্যমে দেশে দ্বৈত শাসনের পরিস্থিতি তৈরি হতে পারে।
রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার বিচারপতি খিজির আহমেদের বেঞ্চে রিট আবেদনটি দাখিল করা হয়।
আইনজীবী বলেন, ২০০১ সালে একইভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হলে হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টনসংক্রান্ত ওই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেন।
শিশির মনির আরও বলেন, রিটে দাবি করা হয়েছে, রুলস অব বিজনেস, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের এভাবে জেলাভিত্তিক দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি। সরকার এ ধরনের প্রজ্ঞাপন জারি করতে পারে না বলেও রিটে উল্লেখ করা হয়েছে।
রিটে আরও বলা হয়েছে, জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের ফলে প্রশাসনিক কাঠামোয় বিভ্রান্তি তৈরি হতে পারে এবং দেশে দ্বৈত শাসনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ঘটনায় মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করে রিট আবেদনটি করা হয়েছে। এখন আদালতের শুনানির পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।

আপনার মতামত লিখুন