দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির এক জ্যেষ্ঠ নেতা।
রবিবার (৯ আগস্ট) বিএনপির ওই জ্যেষ্ঠ নেতা জানান, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করার বিষয়টি দলীয় চেয়ারম্যান তারেক রহমান মোটামুটি নিশ্চিত করেছেন।
তবে বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত মূলত তারেক রহমানের ওপর নির্ভর করছে। তারা আনুষ্ঠানিকভাবে দলীয় সিদ্ধান্তের বিষয়টি এখনো জানেন না। তবে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন নেতা মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বাছাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটি।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলীয় রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত করে। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রয়োজন হলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একমাত্র বৈধ প্রার্থী হলে সংসদে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হতে পারে।
দেশজামানা/এম এম আর

আপনার মতামত লিখুন