আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি গুজব: তথ্যমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট করে বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের খবর গুজবেরই অংশ।
এই অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এমন কোনো জটিলতা নেই, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।
তরুণদের গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, একটি দেশ ও জাতির সবচেয়ে বড় শক্তি হলো তরুণ সমাজ। দুর্যোগ ও বিভিন্ন সংকট মোকাবিলায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের যথাযথ শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হলে দেশের উন্নয়নে আরও কার্যকর অবদান রাখা সম্ভব।
তিনি বলেন, বিশ্ব দ্রুত তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের দক্ষ ও যোগ্য জনশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
তরুণদের মেধা, দক্ষতা ও শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তা গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

আপনার মতামত লিখুন