২৪ বছর ধরে ভোটাধিকার বঞ্চনার অভিযোগ, রংপুরে আইনজীবীদের কালো কাপড় বেঁধে প্রতিবাদ
রংপুর আইনজীবী সমিতিতে সাধারণ ও অ্যাসোসিয়েট সদস্যের বিভাজন তুলে দিয়ে সব আইনজীবীর ভোটাধিকার নিশ্চিত করা এবং বৈষম্যমূলক বিধান বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নবীন ও জ্যেষ্ঠ আইনজীবীরা।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে রংপুর আইনজীবী ভবনের সামনে ‘ভোটাধিকার বঞ্চিত বৈষম্যের শিকার আইনজীবী’ ব্যানারে মুখে কালো কাপড় বেঁধে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আ. হানিফ মিয়া, গভর্নমেন্ট প্লিডার (জিপি) অ্যাডভোকেট একরামুল হক, নারী ও শিশু আদালত-১-এর পিপি অ্যাডভোকেট শফি কামাল, নারী ও শিশু আদালত-২-এর পিপি অ্যাডভোকেট মোকসেদুল ইসলাম, নারী ও শিশু আদালত-৩-এর পিপি অ্যাডভোকেট মোজাহারুল ইসলাম বাবলু, সিনিয়র অ্যাডভোকেট বায়েজীদ ওসমানী, অ্যাডভোকেট রফিকুল ইসলাম লাল, অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, অ্যাডভোকেট জোবাইদু ইসলাম বুলেট ও অ্যাডভোকেট ফজলুল হকসহ নবীন ও জ্যেষ্ঠ আইনজীবীরা।
কর্মসূচিতে নারী ও শিশু আদালত-১-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফি কামাল বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে আইনজীবীদের একটি অংশ ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না, যা বৈষম্যের বড় উদাহরণ। ২০২৪ সালে বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, তার পরও আইনজীবীদের ক্ষেত্রে এ বৈষম্যের অবসান ঘটেনি। তাই সাংগঠনিক ও ব্যক্তিগত—উভয় পর্যায়ে সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, হুমকি দিয়ে ক্ষমতা ধরে রাখা কিংবা কোনো দাবি আদায় করা সম্ভব নয়। রংপুর আইনজীবী সমিতির চলমান সংকটের সুষ্ঠু সমাধান এবং নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আ. হানিফ মিয়া বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে আইনজীবীরা বৈষম্যের শিকার হচ্ছেন। আর কত দিন এ বৈষম্য সহ্য করতে হবে, তা তাঁদের জানা নেই। দ্রুত সব আইনজীবীর ভোটাধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় সমস্যার সুষ্ঠু সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তাঁরা।
বক্তারা অভিযোগ করেন, রংপুর আইনজীবী সমিতিতে সাধারণ সদস্য ও অ্যাসোসিয়েট সদস্য নামে বিভাজন তৈরি করে আইনজীবীদের মধ্যে বৈষম্য করা হচ্ছে। এ বিভাজন দূর করে সব আইনজীবীকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান তাঁরা।
অবস্থান কর্মসূচির চতুর্থ দিনে বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনজীবীদের ভোটাধিকার নিশ্চিত করা না হলে আগামীতে বার কাউন্সিল নির্বাচন বয়কটের কর্মসূচি ঘোষণা করা হবে।
তাঁদের দাবি, ভোট দেওয়া প্রত্যেক মানুষের গণতান্ত্রিক ও জন্মগত অধিকার। কিন্তু তাঁদের অভিযোগ, ফ্যাসিবাদী আমলে প্রণীত একটি বিধানের কারণে তরুণ অ্যাসোসিয়েট সদস্যরা ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সমাধান দেওয়ার দাবি জানান তাঁরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনরত আইনজীবীরা।

আপনার মতামত লিখুন