খুঁজুন
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির

আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল মন্ত্রণালয়কে অকার্যকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ জানান তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। এসময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্পষ্ট জবাব দাবি করেন।

দেশের বিভিন্ন স্থানে নাশকতার বিবরণ দিয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা খুবই উদ্বেগ এবং বেদনার সঙ্গে লক্ষ্য করছি, গেল কয়েক দিন ধরে অব্যাহতভাবে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চলছে। মাঠে মাঠে, এমনকি আর্মি গল্ফ ক্লাবেও এখন ককটেল বিস্ফোরণ হচ্ছে। এসবি’র সদর দফতরের সামনে হচ্ছে। থানার গেটে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর পর তিন দিন হয়েছে। আজকে দুইজন সেখানে আহত হয়েছেন।’

এছাড়া তিনি সীমান্ত ও পার্বত্য এলাকার পরিস্থিতি নিয়ে বলেন, ‘অতি সম্প্রতি সীমান্ত এলাকায়, পার্বত্য এলাকায় সন্ত্রাসীদেরকে দমন করতে গিয়ে আমাদের একজন তরুণ সেনা সদস্য জীবন হারিয়েছেন। কয়েক দিন আগে আমরা দেখলাম সাজেক ভ্যালিকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে।’ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা এবং বিরোধী দলের কর্মীদের ওপর বিক্ষিপ্ত হামলার ঘটনাও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘এতগুলো ঘটনা ঘটার পর কাকে কোথায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করল, তার কোনো হদিস আমাদের কাছে নেই।’

দেশে বিভিন্ন বাহিনীর উপস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের বিজিবি আছে, আমাদের এসআরবি আছে, আমাদের এপিবিএন আছে, আমাদের রেগুলার পুলিশ ফোর্স আছে, আমাদের আনসার ব্যাটালিয়ন আছে; আমাদের তো স্তরে স্তরে দেশে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন পর্যায়ের বাহিনী রয়েছে।’

এরপরই তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, এর দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? কোনো সুযোগ নেই এটার। পুরো দায় নিতে হবে।’

তিনি বলেন, ‘আমরা এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল এই মন্ত্রণালয়কে অকার্যকর দেখতে পাচ্ছি। এখানে কোনো কার্যকারিতা ফুটে উঠছে না আমাদের সামনে।’

ফ্যাসিবাদের পুনরাবৃত্তির বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, ‘আমাদের সন্তানদের রক্ত এখনও তাজা, আমাদের চোখের সামনে। এই ভাসমান রক্তের ওপর কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশে আর সুযোগ করে দেয়া যাবে না।’

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুনের ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্যসচিব, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।

তিনি আরো লেখেন, এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।’

বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়।

এনসিপির নেতারা বাড়িটিতে পেট্রলবোমা হামলার অভিযোগ করেছেন। তবে আগুনের কারণ ও পেট্রলবোমা হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্ত করে আগুনের কারণ নিশ্চিত করার কথা জানিয়েছে তারা।

কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের বাড়িতে আগুন, পেট্রল বোমা হামলার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের বাড়িতে আগুন, পেট্রল বোমা হামলার অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়িটিতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ও দলীয় নেতারা।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পর রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান নুসরাত তাবাসসুম। পোস্টে তিনি দাবি করেন, তাঁর বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না বলেও উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল।’

এদিকে, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা এনসিপি। জেলা এনসিপির সভাপতি জান্নাতুল ফেরদৌস টনি এ ঘটনার জন্য নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করেন। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, আগুনে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। এ ছাড়া দুটি ছাগলও পুড়ে মারা গেছে। অগ্নিকাণ্ডে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন

জাতীয় সংসদের ত্রয়োদশ ও চলতি চতুর্থ অধিবেশনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সংসদ অধিবেশনে এই কমিটি পুনর্গঠনের প্রস্তাব আনা হয়।

এদিন অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে তার পক্ষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৬ বিধি অনুসারে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন।

পুনর্গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। এ ছাড়া কমিটির সদস্যরা হলেন— চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর, চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল, সংরক্ষিত মহিলা আসন-৮ এর সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা, বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. অলি উল্লাহ, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল।

সংসদে চিফ হুইপ প্রস্তাবটি উত্থাপনের পর সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠনের প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোট চান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় প্রস্তাবটি গৃহীত হয় এবং সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়

ব্রেকিং নিউজ