খুঁজুন
শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশজামানা ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক সরকারি বাসভবন গণভবনে স্থাপিত এই জাদুঘরের উদ্বোধন করেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস, বীর শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, দলিল, ভিডিওচিত্র, ব্যক্তিগত স্মারক এবং আন্দোলনের নানা গুরুত্বপূর্ণ উপকরণ সংরক্ষণ করা হয়েছে। এর মাধ্যমে ২০২৪ সালের ঘটনাপ্রবাহ ও গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ করা হবে।

বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য ৫ আগস্ট জাদুঘরটি সংরক্ষিত থাকলেও, ৬ আগস্ট থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

সময়ের প্রয়োজনে জিওপি আবারও রাজপথে গর্জে উঠবে: নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ
সময়ের প্রয়োজনে জিওপি আবারও রাজপথে গর্জে উঠবে: নুরুল হক নুর

গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি সফলভাবে সম্পন্ন করায় দলটির নেতাকর্মী এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন দলটির সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকার পুরানা পল্টনে জিওপির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন তিনি। এ সময় নেতাকর্মীদের সঙ্গে সেলফি তোলেন নুরুল হক নুর।

পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেলফিটি শেয়ার করে তিনি লেখেন, একটি সুন্দর ও সফল প্রোগ্রাম উপহার দেওয়ায় জিওপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ। সময়ের প্রয়োজনে জিওপি বরাবরের মতো রাজপথে গর্জে উঠবে।

তাঁর এই বক্তব্যের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যতেও রাজপথের কর্মসূচিতে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শাহীন আলম ফুলবাড়ী সদর ইউনিয়নের কুঠিরচন্দ্রখানা নাখারজান গ্রামের কাশেম আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দিন কয়েকজন বন্ধুর সঙ্গে সাইকেলে করে গঙ্গারহাট বাজার থেকে বাড়ি ফিরছিল শাহীন। পথে গঙ্গারহাট মোহরটারী হাফিজিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে একটি অ্যাম্বুলেন্স অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে তার সাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শাহীন। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায় বলে অভিযোগ করেছে তার সহপাঠীরা।

পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। পরে রংপুরের বেসরকারি ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহীনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। তার অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। সহপাঠী ও শিক্ষকদের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অবগত করেনি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দক্ষিণ কোরিয়ার মুসলিম নেতার সঙ্গে মাওলানা অলিউল্লাহ এমপির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
দক্ষিণ কোরিয়ার মুসলিম নেতার সঙ্গে মাওলানা অলিউল্লাহ এমপির সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণ কোরিয়ায় মুসলিম কমিউনিটির ধর্মীয় ও সামাজিক কার্যক্রম এবং ইসলামের দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ।

শুক্রবার (৬ নভেম্বর) দক্ষিণ কোরিয়ায় আব্দুর রহমান লির সঙ্গে তিনি এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। আব্দুর রহমান লি কোরিয়া মুসলিম ফেডারেশন ও সিউল সেন্ট্রাল মসজিদের শরিয়াহ কমিটির চেয়ারম্যান।

সাক্ষাৎকালে মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ দক্ষিণ কোরিয়ায় মুসলিম কমিউনিটির ধর্মীয়, সামাজিক ও দাওয়াতি কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সংশ্লিষ্টদের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি, দক্ষিণ কোরিয়ায় ইসলামের দাওয়াতের প্রসার, ইসলাম প্রচারে বাংলাদেশি ইমামদের অবদান এবং প্রবাসে ইসলামের খেদমতে ভবিষ্যৎ করণীয় ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময়ের একপর্যায়ে মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ আব্দুর রহমান লিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী চরমোনাই মাহফিলে অংশগ্রহণের জন্য বিশেষ আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে উভয় পক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের যোগাযোগ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মুসলিম কমিউনিটির মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করবে এবং আন্তর্জাতিক পরিসরে মুসলিমদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

ব্রেকিং নিউজ