মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীর মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। এসময় আহতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে আটটার দিকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) দেখতে যান তিনি। পরিদর্শনকালে আহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আহতদের চিকিৎসার যাবতীয় খরচ সরকারের পক্ষ থেকে বহন করা হবে। চিকিৎসায় যেন কোনো ত্রুটি না থাকে, সেজন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
হাসপাতালে কোনো ধরনের খরচ রোগীদের বহন করতে হবে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, বাইরে থেকে কোনো ওষুধ বা চিকিৎসা সামগ্রী আনতে হলে তার হিসাব রাখা হবে এবং আমরা তার পুরো অর্থ পরিশোধ করবো। এরই মধ্যে প্রাথমিক খরচ হিসেবে রোগীদের হাতে নগদ অর্থ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার বেলা দেড়টার দিকে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসের দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন এবং একজন হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। নিটোরে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া একজন ঢাকা মেডিকেল এ চিকিৎসাধীন আছেন। বর্তমানে আহতরা শঙ্কামুক্ত আছেন।
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনকালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌস আরা মিষ্টি, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন