এসএসসি ও সমমানের ফল প্রকাশ: গড় পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ কমেছে ২২ হাজার
এসএসসি ও সমমান পরীক্ষার ২০২৬ সালের ফল প্রকাশ করা হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ, এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।
২০২৬ সালে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।
অন্যদিকে, ১১টি শিক্ষা বোর্ডে এবার মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৭৮০ জন এবং ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন। অর্থাৎ, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের তুলনায় ১১ হাজার ১১৬ জন এগিয়ে রয়েছে ছাত্রীরা।
গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
একই সময়ে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে ফলাফল দেখতে পারছেন। ফল প্রকাশের পর থেকে মোবাইল ফোনের এসএমএসসহ তিনটি মাধ্যমে ফলাফল জানার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।
এবারের ফল প্রকাশের মধ্য দিয়ে প্রায় ১৮ লাখ শিক্ষার্থীর দীর্ঘ আড়াই মাসের অপেক্ষার অবসান হলো।

আপনার মতামত লিখুন