খুঁজুন
রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশজামানা ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক সরকারি বাসভবন গণভবনে স্থাপিত এই জাদুঘরের উদ্বোধন করেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস, বীর শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, দলিল, ভিডিওচিত্র, ব্যক্তিগত স্মারক এবং আন্দোলনের নানা গুরুত্বপূর্ণ উপকরণ সংরক্ষণ করা হয়েছে। এর মাধ্যমে ২০২৪ সালের ঘটনাপ্রবাহ ও গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ করা হবে।

বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য ৫ আগস্ট জাদুঘরটি সংরক্ষিত থাকলেও, ৬ আগস্ট থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

কুড়িগ্রামে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক ইদ্রিস

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক ইদ্রিস

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, সহ-সভাপতি হিসেবে হাফেজ মাওলানা আব্দুল বারী এবং সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ মাওলানা ইদ্রিস হুসাইন নির্বাচিত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূর বখত মিঞা, আব্দুল কাদের, শরিফুজ্জামান সিদ্দিকী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি সাইফ মুহাম্মদ শাহ আলম।

সম্মেলনে বক্তারা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, যুবসমাজকে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে গড়ে তুলতে সংগঠনের দায়িত্বশীলদের আরও আন্তরিক ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, দাওয়াতি কার্যক্রম জোরদার এবং দেশ ও জাতির কল্যাণে যুবকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আ ন ম আশিকুর রহমান। এ সময় সংগঠনের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনের শেষ পর্যায়ে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। এতে হাফেজ মাওলানা শহিদুল ইসলামকে সভাপতি, হাফেজ মাওলানা আব্দুল বারীকে সহ-সভাপতি এবং হাফেজ মাওলানা ইদ্রিস হুসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

জিওপির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় ফরিদপুর বিভাগের পাঁচ জেলার নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
জিওপির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় ফরিদপুর বিভাগের পাঁচ জেলার নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ

গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে অংশ নিয়েছেন ফরিদপুর বিভাগের পাঁচ জেলার নেতাকর্মীরা।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর বিভাগীয় উপ-কমিটির দায়িত্বশীল আরিফুল ইসলাম, অ্যাডভোকেট ফিরোজ মুন্সী ও মো. সাইফুল ইসলামের নেতৃত্বে বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে পুরানা পল্টনের আল-রাজী কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যোগ দেন ফরিদপুর বিভাগের নেতাকর্মীরা। এ সময় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। তাঁদের স্লোগানের মধ্যে ছিল—‘তোমার আমার পরিষদ, গণঅধিকার পরিষদ’, ‘বাংলাদেশের ভবিষ্যৎ, গণঅধিকার পরিষদ’, ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ এবং ‘ফরিদপুর বিভাগের মাটি, ভিপি নুরের ঘাঁটি’।

কর্মসূচিতে ফরিদপুর বিভাগ গণঅধিকার পরিষদের আওতাধীন গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী ও ফরিদপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

নাহিদ ইসলাম

ডিসেম্বরে কোনো আপার এই দেশে আসার সুযোগ নেই; এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে

নোয়াখালী সংবাদদাতা
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
ডিসেম্বরে কোনো আপার এই দেশে আসার সুযোগ নেই; এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে

ডিসেম্বরে কোনো আপার এই দেশে আসার আর কোনো সুযোগ নেই; যদি আসেন, তবে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জাতীয় ছাত্রশক্তি’ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা এখনও ঘুমিয়ে পড়েনি, বিশ্ববিদ্যালয়গুলোও ঘুমিয়ে পড়েনি—আপনাদেরকে সেটার প্রমাণ দিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শুধু ‘নোয়াখালী বিভাগ চাই’ বলে আন্দোলন করবেন না। আপনারা পুরো দেশ নিয়ে ভাববেন, পুরো বিশ্ব নিয়ে ভাববেন। এর নামই বিশ্ববিদ্যালয়।

নাহিদ ইসলাম আরও বলেন, ৭ই নভেম্বরকে আমরা ধারণ করি। ৭ই নভেম্বর বিপ্লব, কিন্তু জুলাই গণ-অভ্যুত্থান কি বিপ্লব নয়? বর্তমান সরকার যা তাদের পক্ষে যায়, সেটাকে বিপ্লব বলে; আর যা তাদের পক্ষে যায় না বা যেটিতে তাদের নেতৃত্ব ছিল না, সেটাকে তারা বিপ্লব না বলে কেবল আন্দোলন বা গণ-অভ্যুত্থান হিসেবে আখ্যা দেয়।

ব্রেকিং নিউজ