ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা: প্রবেশপত্র ডাউনলোড শুরু ৭ জুলাই
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হচ্ছে আগামী ৭ জুলাই বিকেল ৪ টা থেকে। ওই দিন https://dcuadmission.org ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
রোববার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে বলা হয়েছে, আগের তারিখ ৫ জুলাইয়ের পরিবর্তে নতুন সময় ৭ জুলাই নির্ধারন করা হয়।
ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত ৭ কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের পরীক্ষার আসন বিন্যাস ৮ জুলাই থেকে এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে ওয়েবসাইটে পাওয়া যাবে।
পরীক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত তারিখে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত হয়ে নির্দিষ্ট আসন গ্রহণ করতে হবে। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১১ জুলাই শনিবার বিকেলে ৩-৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান ইউনিটের পরীক্ষা দুই শিফটে ১৭ জুলাই হবে।
এ দিন সকাল ১১-১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের আর বিকেল ৩-৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষার পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর প্রয়োজন। তবে কাঙ্ক্ষিত বিষয় পেতে হলে নির্ধারিত বিষয়ে অন্তত ৫ নম্বর পেতে হবে।
এই পরীক্ষায় ১ আসনের বিপরীতে লড়বেন ৬ জন ভর্তিচ্ছু। মোট আসন রয়েছে ১১ হাজার ২৯০টি। এর মধ্যে কলাও সমাজ বিজ্ঞানে ৪৪৯৮ টি, ব্যবসায় ১৯৯৭ টি ও বিজ্ঞানে ৪৭৯৫ টি। মোট আবেদন পড়েছে ৬৫ হাজার ৬৮০টি।
জানা গেছে, আবেদনের মধ্যে বিজ্ঞান ইউনিটে মোট পড়েছে ৩১ হাজার ৫৫৩টি যা মোট আবেদনের ৪৮ শতাংশ। ব্যবসায় শিক্ষায় মোট আবেদনের ১১ হাজার ২৪৪টি যা মোট আবেদনের ১৭শতাংশ এবং কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে ২৩ হাজার ৩৬৫ টি আবেদন পড়েছে যা আজ পর্যন্ত মোট আবেদনের ৩৫ শতাংশ।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান, কলা ও সমাজবিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা এই তিন ইউনিটের বিভিন্ন বিভাগে ৪ বছর মেয়াদি প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
ভর্তিচ্ছুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে (www.dcu.ac.bd) থেকে সব তথ্য জানতে পারবে। মোট আসন ১১ হাজার ২৯০টি। এর মধ্যে কলাও সমাজ বিজ্ঞানে ৪৪৯৮ টি, বিজ্ঞানে ৪৭৯৫ টি, ব্যবসায় ১৯৯৭ টি আসন রয়েছে। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর ৬ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে বলে নির্ধারণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন