খুঁজুন
মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে একটি খণ্ডিত পা উদ্ধার: এলাকায় আতঙ্ক

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে একটি খণ্ডিত পা উদ্ধার: এলাকায় আতঙ্ক

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বল্লভপুর এলাকায় ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত পা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার (২৬ আগস্ট) সকালে স্থানীয় এক কৃষক ধানক্ষেতে গেলে সেখানে একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে। চাঞ্চল্যকর এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ধারণা, অন্য কোথাও কোনো ঘটনা ঘটিয়ে খণ্ডিত একটি পা সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে পা’টি কীভাবে সেখানে এলো, এটি কার এবং এর পেছনে কোনো অপরাধের ঘটনা রয়েছে কি না -এসব বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন পা’টি উদ্ধার করে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ এবং কিভাবে সেখানে এলো তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ইমামকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা, বাদী গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
ইমামকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা, বাদী গ্রেপ্তার

পটুয়াখালী জেলা মডেল মসজিদের ইমামসহ তিনজনের বিরুদ্ধে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বাদী জাহানারা বেগমের (৬৩) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলা খারিজের পর মিথ্যা মামলা দায়েরের অভিযোগে তার বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বাদী জাহানারাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন জাহানারা বেগম। এতে মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো. তানভিরুল ইসলাম, খাদেম সাব্বির ও আহমাদুল্লাহর বিরুদ্ধে তার ১২ বছর বয়সী নাতনিকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে পিবিআই। তদন্তে সিসিটিভি ফুটেজ, সাক্ষীদের বক্তব্য ও চিকিৎসকের প্রতিবেদন পর্যালোচনা করা হয়। গত ২৯ জুন আদালতে দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে পিবিআই অভিযোগটিকে মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন বলে উল্লেখ করে। পরে ২৮ জুলাই মামলার শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলাটি খারিজ করেন। একই সঙ্গে মিথ্যা মামলা দায়ের করে আদালতকে বিভ্রান্ত করা এবং নির্দোষ ব্যক্তিদের হয়রানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় জাহানারা বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, আদালতের আদেশের প্রেক্ষিতে বিবাদীপক্ষ বাদী জাহানারা বেগমের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে ২১ সেপ্টেম্বর সদর থানা পুলিশ জাহানারা বেগমকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রাম থেকে আসাদুল্লাহ
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে।

এরপর কুড়িকৃবি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রায়হাত ও সামিয়া কাদেরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোছা. নুর মহল আখতার বানু। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহা. রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।

আলোচনা সভার শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বর্তমান অগ্রগতি, শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহা. রাশেদুল ইসলাম বলেন, ২০২১ সালে প্রতিষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আজ ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। তিনি ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর দুটি ব্যাচ নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেন। বর্তমানে দুটি অনুষদের তিনটি ব্যাচে মোট ২৪০ জন শিক্ষার্থী রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অস্থায়ী ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের আবাসনের জন্যও ভাড়া করা ভবন ব্যবহার করা হচ্ছে। তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের আবাসনের জন্য ভবন নির্ধারণের কাজ শেষ হয়েছে, যা শিগগিরই চালু করা হবে।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য জায়গা নির্ধারণে গণমাধ্যমকর্মীসহ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। স্থায়ী ক্যাম্পাস হলে শিক্ষার্থীরা উন্নত পরিবেশে কৃষিশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন এবং বিশ্ববিদ্যালয়টি কুড়িগ্রামের কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের জন্য ই-লাইব্রেরির উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে এতে প্রায় ২ হাজার ৫০০টি বই যুক্ত করা হয়েছে। অনলাইনে বিভিন্ন বই ও শিক্ষাসামগ্রী পড়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী প্রিন্ট করার সুযোগও থাকবে।

বাকশক্তিহীন অসুস্থ যুবদল নেতা রফিকের পাশে স্পিকার হাফিজ, দিলেন চিকিৎসা সহায়তা

শফিকুর রহমান সবুজ, ভোলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
বাকশক্তিহীন অসুস্থ যুবদল নেতা রফিকের পাশে স্পিকার হাফিজ, দিলেন চিকিৎসা সহায়তা

ভোলার লালমোহন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে স্পিকারের ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া চিকিৎসা সহায়তার অর্থ রফিকুল ইসলামের হাতে তাঁর বাসায় গিয়ে তুলে দেন লালমোহন পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু।

জানা গেছে, কয়েক বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইসিসে আক্রান্ত হন রফিকুল ইসলাম। এরপর থেকে তিনি বাকশক্তি হারিয়ে কথা বলতে পারেন না। তাঁর পরিবারে কোনো পুত্রসন্তান নেই; রয়েছে দুই কন্যাসন্তান। পরিবারের উপার্জনের নির্দিষ্ট কোনো উৎস না থাকায় দীর্ঘদিন ধরে অসুস্থ রফিকুল ইসলাম ও তাঁর পরিবার মানবেতর জীবনযাপন করছেন।

সম্প্রতি রফিকুল ইসলামের অসহায়ত্বের কথা তুলে ধরে সংবাদকর্মী এম.ইউ. মাহিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি হৃদয়স্পর্শী পোস্ট দেন। বিষয়টি স্পিকারের নজরে এলে তিনি রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেন।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম রফিকুল ইসলামের পরিবারের জন্য নিয়মিত মাসিক আর্থিক সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা করারও আশ্বাস দেন বলে জানা গেছে। এর আগেও তিনি রফিকুল ইসলামের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছিলেন।

অনুদানের অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহীন পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নিরব হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসান, সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ব্রেকিং নিউজ