৯ বিয়ের অভিযোগ নিয়ে মুখ খুললেন ইসলামি বক্তা মিছবাহ: দিলেন ‘মুবাহালা’র ঘোষণা
নিজের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ অস্বীকার করে ‘মুবাহালা’র ঘোষণা দিয়েছেন ইসলামি বক্তা মুফতি হাবিবুর রহমান মিছবাহ। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, তার ‘৯ বিয়ে’র তথ্য মিথ্যা এবং নাঈমা জান্নাত তার পঞ্চম স্ত্রী নন, বরং বর্তমান দ্বিতীয় স্ত্রী।
রবিবার (২৩ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে এসব কথা জানান মুফতি হাবিবুর রহমান মিছবাহ। একই পোস্টে তিনি বলেন, এ বিষয়ে এটিই তার শেষ বক্তব্য।
পোস্টে মিছবাহ দাবি করেন, নাঈমা জান্নাতকে বিয়ে করার কাবিন ও রেজিস্ট্রি রয়েছে। তার ভাষ্য, নাঈমা তার স্ত্রী ও সন্তান রয়েছে—এটি জেনেই স্ত্রী হিসেবে তার ঘরে এসেছেন।
নিজের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও অস্বীকার করেছেন তিনি। পাশাপাশি নাঈমা জান্নাতের কাছে কোনো যৌতুক দাবি করেননি বলেও দাবি করেন এই ইসলামি বক্তা।
এরপর নিজের বক্তব্যের সত্যতা প্রমাণে ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে ‘মুবাহালা’র ঘোষণা দেন মিছবাহ। তিনি আল্লাহকে সাক্ষী রেখে বলেন, তার বক্তব্য সত্য এবং তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগ মিথ্যা হলে অভিযোগকারীদের ওপর আল্লাহর লানত নেমে আসুক। আর তিনি মিথ্যাবাদী হলে তার ওপরই আল্লাহর লানত নেমে আসুক—এমন প্রার্থনা করেন।
মিছবাহ আরও বলেন, যারা তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে সত্য মনে করেন, কিংবা নাঈমা জান্নাত নিজে যদি তার বক্তব্যকে মিথ্যা মনে করেন, তারা চাইলে একইভাবে আল্লাহর সামনে মুবাহালায় অংশ নিতে পারেন।
পোস্টের শেষাংশে তিনি বলেন, এ বিষয়ে তার আর কোনো বক্তব্য নেই। তবে আদালতে মামলা হওয়ায় তিনি আইনি প্রক্রিয়ায় জবাব দিতে প্রস্তুত রয়েছেন।
উল্লেখ্য, নাঈমা জান্নাতের সঙ্গে হাবিবুর রহমান মিছবাহর বিয়ে ও তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অভিযোগ ও আলোচনা চলছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই নিজের অবস্থান জানিয়ে ফেসবুকে এ পোস্ট দেন তিনি।


আপনার মতামত লিখুন