ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা, আলোচনা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের রকিব উদ্দিন মার্কেটের তৃতীয় তলায় আইএবি জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) ইঞ্জিনিয়ার মারুফ শেখ।
অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর জেলা সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক (১) মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক (২) মিজানুর রহমান, প্রচার সম্পাদক মুজাহিদুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, জুলাই সনদের দাবিতে যে আন্দোলন-সংগ্রাম করা হয়েছিল, তার লক্ষ্য ও উদ্দেশ্য এখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। তাই অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, কোরআন-সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে সন্ত্রাস, দুর্নীতি ও ঘুষ বন্ধ করা সম্ভব। দেশের মানুষের শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে ইসলামের আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।
এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস সংকট নিরসনে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি কে এম আতিকুর রহমান নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন