জিওপির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় ফরিদপুর বিভাগের পাঁচ জেলার নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ
গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে অংশ নিয়েছেন ফরিদপুর বিভাগের পাঁচ জেলার নেতাকর্মীরা।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর বিভাগীয় উপ-কমিটির দায়িত্বশীল আরিফুল ইসলাম, অ্যাডভোকেট ফিরোজ মুন্সী ও মো. সাইফুল ইসলামের নেতৃত্বে বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে পুরানা পল্টনের আল-রাজী কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যোগ দেন ফরিদপুর বিভাগের নেতাকর্মীরা। এ সময় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। তাঁদের স্লোগানের মধ্যে ছিল—‘তোমার আমার পরিষদ, গণঅধিকার পরিষদ’, ‘বাংলাদেশের ভবিষ্যৎ, গণঅধিকার পরিষদ’, ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ এবং ‘ফরিদপুর বিভাগের মাটি, ভিপি নুরের ঘাঁটি’।
কর্মসূচিতে ফরিদপুর বিভাগ গণঅধিকার পরিষদের আওতাধীন গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী ও ফরিদপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন