খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ: সেই জামায়াত কর্মী গ্রেফতার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
হাতিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ: সেই জামায়াত কর্মী গ্রেফতার

নোয়াখালীর হাতিয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন নামে এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার হরণী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার হেলাল উদ্দিন ওই এলাকার বেলায়েত খলিফার ছেলে। স্থানীয়দের দাবি, তিনি একসময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ৮টার দিকে এক স্কুলছাত্রীকে নিজের ফার্মেসির পেছনে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে হেলাল উদ্দিনকে আটক করেন। পরে গ্রাম পুলিশকে খবর দেওয়া হলে তাদের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এদিকে, ধর্ষণের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে করে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, হেলাল উদ্দিনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয়ভাবে সালিশ বসিয়ে তাকে ৫০টি বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল বলে দাবি করেন তারা। এরপরও তিনি সংশোধন হননি। তারা এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

হরণী ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ তারিফুল মাওলা বলেন, ধর্ষণের মতো অপরাধের সঙ্গে যে-ই জড়িত থাকুক, তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। তবে হেলাল উদ্দিন আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ৫ আগস্টের পর অনেকেই নিজেদের রক্ষার জন্য জামায়াত বা বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার চেষ্টা করেছেন। হেলাল উদ্দিনও জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতেন। তবে তাকে দলের কোনো পর্যায়ের কর্মী বা সদস্য করা হয়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

রাষ্ট্রপতি ও এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ নিলে বাধা দেব: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
রাষ্ট্রপতি ও এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ নিলে বাধা দেব: জামায়াত আমির

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে এর বিরোধিতা করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর বিষয়টি নিয়ে কোনো কোনো মহলে আলোচনা হচ্ছে। তাঁর মতে, এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা অসঙ্গত হবে। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী এর বিরোধিতা করবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সংসদ সদস্যরা বেতন বা অর্থ উপার্জনের জন্য সংসদে যাননি; জনগণের প্রয়োজনেই তাঁরা সেখানে গেছেন। দেশের ১৮ কোটি মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হলে তখন সবার সঙ্গে তাঁরা অংশীদার হতে পারেন। তবে তার আগে জনপ্রতিনিধিদের আর্থিক সুবিধা বাড়ানোর পক্ষে নন তিনি।

জামায়াতের আমির বলেন, দেশের মানুষ যখন নানা সংকটের মধ্যে রয়েছে, তখন সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই আসে না। সরকার এ ধরনের কোনো উদ্যোগ নিলে আমরা বাধা দেব।

সরকারকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, এমন উদ্যোগ নেওয়া হলে বিরোধী দল হিসেবে তাঁরা এর সুস্পষ্ট বিরোধিতা করবেন।

জামায়াত ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে: রাশেদ খাঁন

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
জামায়াত ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে: রাশেদ খাঁন

জামায়াত ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াতে ইসলামী আসলে কাগুজে বাঘ। তারা এ অবস্থায় নিজেদেরকে বিরোধী দল থেকে সরকারি দল ভাবা শুরু করেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবসময় অভিযোগ করা হয়। দেখেন অভিযোগ কারা করে, যারা নিজেদেরকে দুর্বল মনে করে তারাই সবসময় অভিযোগ করে। জামায়াতে ইসলামী বিরোধী দল কিন্তু তারা আসলে বিরোধী দল হিসাবে থাকতে চায় না। তাদের কথাবার্তা শুনে মনে হয় যে, তারা সরকারি দলের কাছ থেকে সমান সুযোগ সুবিধা প্রত্যাশা করে।

তিনি আরও বলেন, তারা প্রত্যাশা করুক বা না করুক সরকার সকল এমপিদের জন্য, হোক সে সরকারি দলের কিংবা বিরোধী দলের সবার জন্য সমান বরাদ্দ ধার্য করে রেখেছে। জামায়াতের জন্য যদি কলিজা কেটে ভুনা করে দেন তাও তাদের খুশী করা সম্ভব না।

খতিব-ইমামসহ ৩ জনের নামে ধর্ষণ মামলা, প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
খতিব-ইমামসহ ৩ জনের নামে ধর্ষণ মামলা, প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার

পটুয়াখালী জেলা মডেল মসজিদের ইমামসহ তিনজনের বিরুদ্ধে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বাদী জাহানারা বেগমের (৬৩) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলা খারিজের পর মিথ্যা মামলা দায়েরের অভিযোগে তার বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বাদী জাহানারাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন জাহানারা বেগম। এতে মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো. তানভিরুল ইসলাম, খাদেম সাব্বির ও আহমাদুল্লাহর বিরুদ্ধে তার ১২ বছর বয়সী নাতনিকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে পিবিআই। তদন্তে সিসিটিভি ফুটেজ, সাক্ষীদের বক্তব্য ও চিকিৎসকের প্রতিবেদন পর্যালোচনা করা হয়। গত ২৯ জুন আদালতে দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে পিবিআই অভিযোগটিকে মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন বলে উল্লেখ করে। পরে ২৮ জুলাই মামলার শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলাটি খারিজ করেন। একই সঙ্গে মিথ্যা মামলা দায়ের করে আদালতকে বিভ্রান্ত করা এবং নির্দোষ ব্যক্তিদের হয়রানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় জাহানারা বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, আদালতের আদেশের প্রেক্ষিতে বিবাদীপক্ষ বাদী জাহানারা বেগমের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে ২১ সেপ্টেম্বর সদর থানা পুলিশ জাহানারা বেগমকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

ব্রেকিং নিউজ