কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়িটিতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ও দলীয় নেতারা।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার পর রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান নুসরাত তাবাসসুম। পোস্টে তিনি দাবি করেন, তাঁর বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না বলেও উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল।’
এদিকে, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা এনসিপি। জেলা এনসিপির সভাপতি জান্নাতুল ফেরদৌস টনি এ ঘটনার জন্য নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করেন। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, আগুনে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। এ ছাড়া দুটি ছাগলও পুড়ে মারা গেছে। অগ্নিকাণ্ডে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ । ১০:০৩ পূর্বাহ্ণ