জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ । ১১:১৯ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অবস্থিত জামিয়া আশরাফিয়ায় সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। মাদরাসাটির ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা ও পুনর্বাসনের লক্ষ্যে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের হাতে নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করেছে সংগঠনটি। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন নেতৃবৃন্দ।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুফতী মিজানুর রহমান সাঈদের নেতৃত্বে সংগঠনটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জামিয়া আশরাফিয়া পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, কেন্দ্রীয় নেতা মুফতী হেদায়েতুল্লাহ আজাদী ও মুফতী উমর ফারুক ইবরাহীমীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ মাদরাসার সার্বিক পরিস্থিতি ও অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। তাঁরা মাদরাসার দায়িত্বশীল উস্তাদদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির পুনর্বাসনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মাদরাসা কর্তৃপক্ষের হাতে নগদ এক লাখ টাকা অনুদান তুলে দেওয়া হয়।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ বলেন, দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতির ঈমান-আমল, নৈতিকতা ও দ্বীনি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জামিয়া আশরাফিয়ার মতো একটি দ্বীনি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এমন দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও দ্বীনি দায়িত্ব। আমরা চাই, দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে মাদরাসাটিতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালু হোক।

তাঁরা আরও বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সংকটকালীন সময়ে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানান তাঁরা। এ সময় জামিয়া আশরাফিয়ার প্রিন্সিপালসহ মাদরাসার দায়িত্বশীল উস্তাদগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন