নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, এখন পর্যন্ত ৪৮ জন শিক্ষার্থীকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে। একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও রোগী আসার আশঙ্কা রয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রাতে মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। এ সময় দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে ঘুমন্ত শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ ইনহেলেশন বার্নে আক্রান্ত হন। পরে মাদ্রাসার শিক্ষক ও অন্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার আহসান হাবীব বলেন, রাত ১টা ৫৫ মিনিটে মাদ্রাসায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার বলেন, মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগার পর প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নেভায়। ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও বলেন, তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশজামানা ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ । ১২:৪১ অপরাহ্ণ