বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক সম্পর্কে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন হেফাজত আমিরের ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেক। তার দাবি, বক্তব্যটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে আল্লামা বাবুনগরী মাওলানা মামুনুল হককে উদ্দেশ্য করে কোনো গালির শব্দ ব্যবহার করেননি।
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর একটি বক্তব্যকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে আমিরে হেফাজতের ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেক তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ঘটনার ব্যাখ্যা তুলে ধরেন।
পোস্টে তিনি জানান, প্রচারিত বক্তব্যটি আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে শোনানো হলে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি তো কথাটি তাকে বলিনি। সে তো আমার সন্তানের মতো প্রিয়।’
মাওলানা আব্দুল খালেকের পোস্টে আরও বলা হয়, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রচলিত ‘কুত্তার বাচ্চা’ শব্দটি সব ক্ষেত্রে গালি হিসেবে ব্যবহৃত হয় না। বিশেষ কিছু আঞ্চলিক প্রেক্ষাপটে এটি কথার বুলি কিংবা স্নেহ প্রকাশের ভাষা হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। এমনকি সন্তানকে আদর করেও এ ধরনের শব্দ ব্যবহারের প্রচলন রয়েছে।
পোস্টের বক্তব্য অনুযায়ী, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী মাওলানা মামুনুল হককে উদ্দেশ্য করে ওই শব্দ ব্যবহার করেননি। এমনকি তাঁর নাম উল্লেখ করেও কথাটি বলেননি।
এ অবস্থায় আঞ্চলিক ভাষার কোনো শব্দকে মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে ব্যক্তিগত আক্রমণ বা অপমান হিসেবে প্রচার না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট বিবেচনা করে বিষয়টি মূল্যায়ন এবং এ নিয়ে মনগড়া ব্যাখ্যা ও বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ । ১১:০৫ পূর্বাহ্ণ