বাংলাদেশ নারী অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হলেন জিওপি নেত্রী জেনি ইশরাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ । ৮:১৩ অপরাহ্ণ

গণঅধিকার পরিষদের (জিওপি) সহযোগী রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ নারী অধিকার পরিষদের’ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজপথের পরিচিত মুখ নারী নেত্রী জেনি ইশরাত

গত বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের যৌথ স্বাক্ষরে বাংলাদেশ নারী অধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদিত হয়। নবগঠিত এই কমিটিতে তাঁকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এর আগে জেনি ইশরাত ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-নারী সম্পাদক এবং যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব সুনামের সঙ্গে পালন করেছেন।

২০১৯ সাল থেকেই বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি। বিশেষ করে মোদিবিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলন এবং ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনসহ বিভিন্ন যৌক্তিক ও জনসম্পৃক্ত আন্দোলনে গণঅধিকার পরিষদের তৃণমূল নেতাকর্মীদের কাছে এক পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গ্রেপ্তার হলে তাঁর আইনি লড়াই ও পারিবারিক সংকটে দৃঢ়তার সঙ্গে পাশে দাঁড়িয়েছিলেন জেনি ইশরাত। এ ছাড়া অতীতে রেজা কিবরিয়াকে কেন্দ্র করে দলীয় সংকটের সময়েও তিনি নুরুল হক নুরের নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে দলের পাশে অবস্থান নেন।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতার মূল্যায়নস্বরূপ বাংলাদেশ নারী অধিকার পরিষদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি। সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিশ্বাস, তাঁর এই অন্তর্ভুক্তি সংগঠনের নারী নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে।

নতুন এই দায়িত্ব পাওয়ার পর জেনি ইশরাত বলেন, “বাংলাদেশ নারী অধিকার পরিষদ সবসময় বৈষম্যের শিকার নারী, নারী উদ্যোক্তা সৃষ্টি এবং নির্যাতিত-নিপীড়িত নারীদের পাশে থাকবে। পাশাপাশি সমাজে বলিষ্ঠ নারী নেতৃত্ব তৈরিতে এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে।”

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন