খুলনায় খালিশপুরে একটি মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। রবিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের মুজগুন্নি আবাসিক এলাকার একটি ভবনের মেস থেকে তাদের আটক করা হয়।
আটক মমতাজির বিল্লাহ (২৬) সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতের কর্মপরিষদের সদস্য গোলাম ফারুকের ছেলে।
স্থানীয়রা জানান, মুজগুন্নি আবাসিক এলাকার একটি বাড়িতে চতুর্থ তলায় কয়েকজন তরুণ মেস হিসেবে থাকেন। রবিবার বিকেলে মমতাজির বিল্লাহ এক তরুণীকে নিয়ে মেসের একটি কক্ষে প্রবেশ করেন। পরে তাদের ‘আপত্তিকর অবস্থায়’ পাওয়ার অভিযোগে মেসের অন্য বাসিন্দারা দুজনকে আটকে রাখেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে ভবনের সামনে স্থানীয় লোকজন ভিড় করেন। পরে খবর পেয়ে খালিশপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে থানায় নিয়ে যায়। খালিশপুর থানার ওসি মো. শাহজাহানও তাদের থানায় নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুদর্শন রায় জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই মেস থেকে দুজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

খুলনা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ । ১১:১২ পূর্বাহ্ণ