বাসসের নতুন চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ । ১০:০৭ অপরাহ্ণ

বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।

তিনি পূর্ববর্তী বোর্ড চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার আলদীনের স্থলাভিষিক্ত হলেন।

সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী তিন বছরের জন্য এ বোর্ড গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারা অনুযায়ী পরবর্তী তিন বছরের জন্য বাসসের পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, পরিচালনা বোর্ড ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৬ ধারার বিধান মোতাবেক দায়িত্ব পালন করবে। এই আদেশ জারির তারিখ থেকে কার্যক্রম শুরু হবে।

বাসস পরিচালনা বোর্ডে ১২ জন পরিচালক রয়েছেন। তারা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস); অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার; বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক (পদাধিকার বলে); দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী; দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ; দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক; ৭১ টিভির হেড অব নিউজ মো: শাহ আজিজুর রহমান; ওএসক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বাসসের বাংলা বিভাগের প্রধান প্রতিবেদক দিদারুল আলম।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন