স্ত্রীর মরদেহ বাড়িতে রেখে মসজিদে নামাজ পড়তে গিয়ে মারা গেলেন স্বামীও

নড়াইল প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ । ৩:১২ অপরাহ্ণ

নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে স্ত্রীর মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর মারা গেছেন স্বামী রোমান মোল্যা (৬০)। বাড়িতে স্ত্রীর মরদেহ রেখে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন তিনি। সেখানে নামাজের মধ্যে অসুস্থ হয়ে মারা যান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোমান মোল্যার স্ত্রী প্রায় সাত বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে কিছুটা সুস্থ হলেও বেশির ভাগ সময় অসুস্থ থাকতেন তিনি। শনিবার দিবাগত রাত দুইটার দিকে বাড়িতে তার মৃত্যু হয়।

স্ত্রীর মৃত্যুর পর ঘরে মরদেহ রেখে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ পড়তে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান রোমান মোল্যা। তিনি ওই মসজিদের নিয়মিত মুয়াজ্জিন ছিলেন। নামাজের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে অন্য মুসল্লিরা তাকে সুস্থ করার চেষ্টা করেন। তবে একপর্যায়ে তার মৃত্যু হয়।

তুলারামপুর ইউনিয়নের বাসিন্দা ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব এসব তথ্য জানান।

শিহাবুর রহমান বলেন, রবিবার জোহরের নামাজের পর স্বামী-স্ত্রীর জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। তাদের ছেলে জসিম কুয়েত থেকে দেশে আসার পর সোমবার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন