সরকারের ব্যর্থতায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে, পরীক্ষার্থীদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে: গাজী আতাউর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ । ৮:০১ অপরাহ্ণ

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব দাবি জানান।

বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশের বেকারত্বের কঠিন সময়ে একটি চাকরির পরীক্ষা লাখো শিক্ষিত তরুণের কাছে আশার আলো হয়ে দেখা দেয়। হতাশার মধ্যে চাকরির প্রত্যাশা অনেক তরুণের বেঁচে থাকার অবলম্বন হয়ে ওঠে। কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার আশায় তারা রাতের পর রাত জেগে প্রস্তুতি নেন। অনেকে আর্থিক সংকটের মধ্যেও ধারদেনা করে পরীক্ষার ফি, যাতায়াত ও অন্যান্য খরচের ব্যবস্থা করেন।

তিনি বলেন, পরীক্ষার্থীরা দীর্ঘ প্রস্তুতি নিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়ার পর যদি জানতে পারেন, প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা বাতিল হয়েছে, তাহলে এর চেয়ে হতাশাজনক ঘটনা আর হতে পারে না। এ ধরনের ঘটনায় পরীক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হন। তাই তাদের এই ক্ষতির দায় সরকারকে নিতে হবে এবং যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, সরকারের সক্ষমতা দুর্বল এবং প্রশাসন অতিমাত্রায় দুর্নীতিগ্রস্ত হলেই এ ধরনের ঘটনা ঘটতে পারে। প্রশ্নপত্র ফাঁস রাষ্ট্রের ব্যর্থতার বহিঃপ্রকাশ। ৫৫ বছরের একটি রাষ্ট্রের এমন ব্যর্থতার দায় তরুণদের বহন করতে হবে না।

তিনি আরও বলেন, এ ঘটনায় বিএনপি সরকারও দায় এড়াতে পারে না। চাকরিপ্রত্যাশী তরুণদের ভবিষ্যৎ ও তাদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

বিবৃতিতে গাজী আতাউর রহমান প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্নীতি ও অনিয়ম ঠেকাতে কার্যকর প্রাতিষ্ঠানিক প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার দাবি জানান তিনি।

তিনি বলেন, চাকরির নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। অন্যথায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার প্রত্যাশা বাধাগ্রস্ত হবে এবং তরুণদের মধ্যে হতাশা আরও বাড়বে।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন