কওমি লেখকদের লেখালেখি দিন দিন আরও সমৃদ্ধ ও প্রাসঙ্গিক হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বরেণ্য লেখক ও কথাসাহিত্যিক, দারুর রাশাদ মাদরাসার শাইখুল হাদিস মাওলানা লিয়াকত আলী। তিনি বলেন, কওমি লেখকদের সাহিত্যচর্চায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। লিটলম্যাগ, বিভিন্ন বিষয়ের পুস্তক প্রকাশনা ও সাহিত্য আন্দোলন এ সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) রাতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ইসলামী বইমেলার লিটলম্যাগ চত্বরে শীলন বাংলাদেশের ১২৩তম সাহিত্যসভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মূল আলোচনা উপস্থাপন করেন কবি ও শিশুসাহিত্যিক মুনীরুল ইসলাম। পাঠ করা লেখাগুলোর ওপর চুলচেরা বিশ্লেষণ করে তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে কবিতার ছন্দ ও প্রকাশভঙ্গিতে বৈচিত্র্য আনতে হবে। একই ধরনের ছন্দে সীমাবদ্ধ না থেকে কবিতায় নতুনত্ব ও সৃজনশীলতার পরিচয় দিতে হবে।
শীলন বাংলাদেশের এ সাহিত্যসভায় সভাপতিত্ব করেন দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক মাওলানা মাসউদু কাদির। তিনি বলেন, শীলনের ১২৩তম সাহিত্যসভায় যারা লেখা পাঠ করেছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা সাহিত্যসভার সঙ্গে পাঠচক্রকেও সম্পৃক্ত করতে চাই। আগামী দিনগুলোতে লেখকেরা নিজেদের লেখা নিয়ে নিয়মিত উপস্থিত থাকবেন বলে আশা করি।

অনুষ্ঠানে নিজেদের লেখা পাঠে অংশ নেন কবি সায়ীদ উসমান, মিজানুর রহমান জামীল, মাহফুজ ইকরাম, নাজমুল হুদা মজনু ও উবায়দুল হক খান প্রমুখ।
সাহিত্যচর্চা, সৃজনশীল লেখালেখি ও পারস্পরিক পর্যালোচনার মধ্য দিয়ে লেখকদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং সাহিত্য আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ । ১০:২২ পূর্বাহ্ণ