সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
এর আগে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলার পর ভারী যন্ত্র দিয়ে স্থাপনার একটি অংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মীর সম্পৃক্ততার তথ্য বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন রয়েছে বলে ৩০ সেপ্টেম্বর জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছিলেন, তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তবে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এর আগে বুধবার রাতে ওই কমিটি বিলুপ্ত করা হয়। এরপরই তার রাজনৈতিক পদ ও সংসদ সদস্য পদ নিয়ে দলীয় সিদ্ধান্তের বিষয়টি সামনে আসে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ । ৫:৫৪ অপরাহ্ণ