বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করে ফুটপাতের হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে তাদের রুটি-রুজির পথ বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
আতিকুর রহমান মুজাহিদ বলেন, মানুষ শখ করে ফুটপাতে হকারি করে না; বরং জীবিকার তাগিদে এবং কর্মসংস্থানের অভাবে অনেকেই বাধ্য হয়ে ফুটপাতে ব্যবসা করেন। নাগরিকদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়িত্ব যথাযথভাবে পালন না করে বিকল্পহীন অবস্থায় ফুটপাতে জীবিকা নির্বাহকারীদের উপার্জনের পথ বন্ধ করে দেওয়া কোনো স্থায়ী সমাধান হতে পারে না।
তিনি বলেন, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখা অবশ্যই প্রয়োজন। তবে ফুটপাত কেন দখল হচ্ছে, এর পেছনের কারণ কী এবং কারা এসব ব্যবসার সুযোগ তৈরি করছে—সেসব বিষয়ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
মুজাহিদ বলেন, বেকারত্ব ও কর্মসংস্থানের সংকট অনেক মানুষকে ফুটপাতে ব্যবসা করতে বাধ্য করছে। পাশাপাশি কোথাও কোথাও রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ফুটপাতকেন্দ্রিক ব্যবসার বিস্তার ঘটেছে। তাই শুধু হকারদের উচ্ছেদ করে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এর সঙ্গে জড়িত মূল কারণগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, ফুটপাতের ছোট ব্যবসার আয়ের ওপর অনেক পরিবারের সংসার নির্ভরশীল। এসব মানুষের উপার্জন বন্ধ হয়ে গেলে তাদের পরিবারের খাবার, সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন জীবনযাত্রায় সংকট তৈরি হতে পারে। তাই বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ অভিযান পরিচালনা করা মানবিক ও বাস্তবসম্মত সমাধান নয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা সরকারের প্রতি হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দ্রুত বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা অথবা নির্দিষ্ট ব্যবসার স্থান নির্ধারণের আহ্বান জানান। একই সঙ্গে ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম পরিকল্পিত ও সমন্বিতভাবে পরিচালনার দাবি জানান।
আতিকুর রহমান মুজাহিদ বলেন, মানুষের চলাচলের অধিকার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি তাদের জীবিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। বিকল্প ব্যবস্থা নিশ্চিত করে ফুটপাত উদ্ধার করতে হবে; কোনোভাবেই মানুষের রুটি-রুজির পথ বন্ধ করে দেওয়া যাবে না।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:৩০ অপরাহ্ণ