বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাছুম বলেছেন, জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জামায়াতে ইসলামীকে দিতে চায়।
তিনি বলেন, দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। শতধা বিভক্ত হয়ে দ্বীন কায়েমের জিম্মাদারি পালন করা যাবে না। খানকা-হুজরায় বসে থেকে দ্বীন কায়েম কোনোদিন সম্ভব নয়। এটা নবী-রাসুলদের সুন্নাহর পরিপন্থি। দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে ফাঁসির রশি হাসিমুখে গলায় পরার প্রস্তুতি থাকতে হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফেনী জেলা জামায়াতের উদ্যোগে তিন দিনব্যাপী ‘লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালা’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
মাওলানা এটিএম মাছুম পবিত্র কোরআনুল কারীম থেকে উদ্ধৃতি দিয়ে বলেন- আল্লাহ বলেছেন, ‘পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।’ কিন্তু পরিপূর্ণ ইসলাম পালনকারী খুঁজে পাওয়া মুশকিল। ইসলামী রাষ্ট্র কায়েম ছাড়া পরিপূর্ণ ইসলাম পালন করা সম্ভবও নয়। অথচ কাজটা ফরজ। এ ফরজ আদায়ের জন্য ইসলামী আন্দোলন করাও ফরজ।
তিনি আরও বলেন, সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এজন্য সমাজকে হৃদয়ের ধারণ করে প্রতিটি কাজে সম্মুখ সারিতে থাকতে হবে। অধিকার হারা মানুষের অধিকার আদায়ের ভূমিকা রাখতে হবে।
ফেনী জেলা আমীর মাওলানা মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও অঞ্চল টিম সদস্য একেএম শামছুদ্দীন ও নজরুল ইসলাম খাদেম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
সমাপনী দিনে দারসুল কোরআন পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ব্রাক্ষণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসাইন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:০২ পূর্বাহ্ণ