“যাঁরা সৎ এবং জনগণ যাঁদের চাইবে, শুধুমাত্র তাঁরাই স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। যারা অতীতে চুরি, চামারি, খুন ও ফ্যাসিস্ট রাজনীতির সঙ্গে জড়িত ছিল, তাদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।”
লালমোহন নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় নির্বাচন প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
শনিবার (১২ সেপ্টেম্বর) লালমোহনে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সভায় স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন।
সভায় লালমোহনের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নাগরিক সমস্যা এবং এলাকার উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম স্থানীয় জনগণের বক্তব্য শোনেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে করণীয় বিষয়ে আলোচনা করেন।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, নির্বাচনে সৎ ও জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদেরই অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। অতীতে চুরি, চামারি, খুন ও ফ্যাসিস্ট রাজনীতির সঙ্গে জড়িতদের বিষয়ে তিনি কঠোর অবস্থানের কথা জানান।
সভায় অন্যান্য বক্তারা লালমোহনের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আগামী ছয় মাসের মধ্যে লালমোহনকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

শফিকুর রহমান সবুজ, ভোলা প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:১৬ অপরাহ্ণ