দৃষ্টি
আবু হানিফ জাকারিয়া
অপলক দৃষ্টি যেন অসীম শূন্যতার দিকে
কিন্তু দৃষ্টি আটকায় বিশেষ সাজগোজ করা
মানুষের ভীড়ে, আটকায় লালনীল বাতির ঘোরে।
বিদ্ধ হই কারো বিশেষ দৃষ্টি বা আড়চোখ চাহনিতে
ক্যামেরার ঝলকানিতেও কারো সম্বিত ফেরে।
আলো ঝলমলে পরিবেশ আর বিশেষ খাবার
তবুও তো কেউ কেউ বিষন্নতায় পোড়ে।
দাঁত কেলিয়ে হাসে কেউ, কারো হাসিটা মেকি
উচ্ছ্বাসে হাসে উচ্ছল তরুণীরা বিষম জোরে।
খোশমেজাজে আছে কেউ কারো মেজাজ ভারী
উৎসবের ঘনঘটায় তবু আনন্দময় পরিবেশ।
নিজের কষ্ট বয়ে নিয়ে বেড়াচ্ছে কিছু লোক
এ যেন ঠিক একটা আনন্দ বেদনার সন্নিবেশ।
যোগ সুত্র ঘটে যাচ্ছে পরিবারে পরিবারে আবার
কেউ কেউ ঠিকই বেদনার্ত মানুষ।
লালনীল আলোয় বেদনা হারায়, হারায় কষ্ট
দৃষ্টি কাড়ে শিশু কিশোরের রঙিন ফানুস।

আবু হানিফ জাকারিয়া
প্রকাশের সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৫৭ পূর্বাহ্ণ