ইসলামী আন্দোলন বাংলাদেশ নারী সাংবাদিকদের দায়িত্বপালনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তবে নারী সাংবাদিকদের শালীনতা বজায় রেখে শরিয়াহ মেনে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নারী সাংবাদিকদের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি এ কথা বলেন।
মুফতি ফয়জুল করীম বলেন, ‘নারী সাংবাদিকদের আমরা বাধা দিচ্ছি না, শরিয়াহ পালনের আহ্বান করছি।’
কেউ শরিয়াহ না মানলে অন্যকেও তা মানতে বাধা দেওয়া উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমার সাংবাদিক বোনদের উচিত, তিনি যদি শরিয়ত না মানেন, তবে আমাকে সেটা মান্য করার সুযোগ করে দেবেন। এটা তার অধিকার। কিন্তু আমার বোনের অবশ্যই উচিত না যে, তিনি শরিয়ত মানেন না, তাই আমাকেও মানতে দেবেন না। এরকম প্রবণতা উচিত না। তাই কোনো নারী সাংবাদিক যদি (ইসলামী আন্দোলনের প্রোগ্রামে) আসেন, আমরা চাইব তিনি শরিয়াহ সম্মতভাবে আসবেন।’
সরকারের সমালোচনা করে মুফতি ফয়জুল করীম বলেন, ‘দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই পবিত্র কোরআনের অবিসংবাদিত বিধানের পরিপন্থি আইন পাস করা হয়েছে, যা জনগণের ধর্মীয় বিশ্বাসের ওপর স্পষ্ট আঘাত।’
হেবার অপব্যবহার রোধ এবং বাবা-মাকে উচ্ছেদ ঠেকাতে আইন করার প্রয়োজন থাকলেও শরিয়াহ লঙ্ঘন করে তা করা যাবে না বলেও দাবি করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:৫৪ অপরাহ্ণ