ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি নিরসন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক সংঘাত প্রতিরোধে প্রয়োজন অনুযায়ী ‘জাতীয় ওলামা পরামর্শক কমিটি’ গঠনের বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।
ধর্মমন্ত্রী বলেন, ধর্মকে ব্যবহার করে উগ্রবাদ, চরমপন্থা ও সহিংসতা প্রতিরোধের পাশাপাশি সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রাখতে সরকার বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
তিনি জানান, দেশের বিভিন্ন মত ও পথের প্রখ্যাত আলেম-ওলামাদের সম্পৃক্ত করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি নিরসন এবং সামাজিক সংঘাত প্রতিরোধের লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ ও মতবিনিময়ের জন্য উপজেলাভিত্তিক গবেষণা ও ইফতা কার্যক্রম বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।
এ কার্যক্রমের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জাতীয় পর্যায়ে ওলামাদের নিয়ে একটি পরামর্শক কমিটি গঠনের বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানান তিনি।
ধর্মমন্ত্রী আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখা এবং ধর্মের অপব্যবহার রোধে প্রয়োজনীয় আইনগত ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, জুমার খুতবা, ধর্মীয় আলোচনা, প্রশিক্ষণ ও মতবিনিময় সভার মাধ্যমে শান্তি, সহনশীলতা, মানবিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
সংসদে দেওয়া তথ্যে ধর্মমন্ত্রী জানান, চলতি অর্থবছরে ৭ কোটি টাকা জাকাত সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১ কোটি ৫৯ লাখ টাকা সরকারি জাকাত ফান্ডে জমা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:২২ অপরাহ্ণ