আধিপত্যবাদ-বিরোধী নির্ভীক যোদ্ধা উসমান বিন হাদীকে প্রকাশ্য দিবালোকে নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে কড়া ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মীয় সম্প্রীতি বিষয়ক সম্পাদক ইব্রাহীম মোল্লা (মোল্লা ভাই)।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি দেশের রাজনৈতিক নেতৃত্বের নীতি-নৈতিকতা ও বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা নিয়ে গভীর ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন।
বিবৃতিতে ইব্রাহীম মোল্লা বলেন, “চোখের সামনে দেখলাম একজন খাঁটি দেশপ্রেমিক, আধিপত্যবাদ-বিরোধী নির্ভীক লড়াকু ভাই উসমান বিন হাদীকে কীভাবে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো। অথচ আজ পর্যন্ত সেই নৃশংস হত্যাকাণ্ডের কোনো বিচার হলো না।”
সরকার ও রাজনৈতিক দলগুলোর ভূমিকার সমালোচনা করে তিনি আরও লেখেন, “না সেই অন্তর্বর্তী সরকার কিছু করলো, না এই নির্বাচিত সরকার বা দল একটা কার্যকর পদক্ষেপ নিলো। অথচ এই মানুষগুলোই দিন-রাত আমাদের আইনের শাসন আর সুশাসনের বয়ান শুনিয়ে মুখ ফেনা তুলে ফেলে!”
রাজনীতিবিদদের আদর্শগত স্থানচ্যুতি ও ভণ্ডামি তুলে ধরে তিনি চরম ক্ষোভের সাথে উল্লেখ করেন, “এ দেশের রাজনীতিকদের নীতিবাক্য আর ছদ্মবেশী আদর্শের কথা শুনলে আজকাল গা গুলিয়ে বমি আসে। কোনোমতে লেবু পাতা শুঁকে নিজের পিত্তি জমানো ক্ষোভটুকু চেপে রাখতে হয়।”
সবশেষে বিচারহীনতার সংস্কৃতি ও সমাজের উদাসীনতাকে অভিযুক্ত করে বাংলাদেশ যুব অধিকার পরিষদের এই কেন্দ্রীয় নেতা প্রশ্ন তোলেন, “পাপ ঢাকতে ঢাকতে নিঃশেষ হয়ে যাওয়া এই ভণ্ড সমাজের কাছেই শেষবারের মতো আবার প্রশ্ন রেখে গেলাম—শহীদ উসমান বিন হাদী হত্যার বিচার কোথায়?”

দেশজামানা ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ । ৪:২৮ অপরাহ্ণ