জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আইন কলেজগুলোর এলএল.বি ১ম ও শেষ পর্বের পরীক্ষার ফর্ম পূরণের ফি অতিরিক্ত বৃদ্ধির প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, নির্ধারিত ফি সাধারণ শিক্ষার্থীদের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বরিশালের একটি আইন কলেজের শিক্ষার্থীরা বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় তারা ব্যানার হাতে নিয়ে ফর্ম পূরণের অতিরিক্ত ফি বৃদ্ধির প্রতিবাদ জানান।
শিক্ষার্থীদের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের বিভিন্ন আইন কলেজের সাধারণ শিক্ষার্থীরা এমনিতেই নানা আর্থিক সংকটের মধ্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে পরীক্ষার ফর্ম পূরণের ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হলে অনেক শিক্ষার্থীর পক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করা কঠিন হয়ে পড়বে।

শিক্ষার্থীরা বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি সব বর্ষের ফর্ম পূরণের ভূতুড়ে ভাবে বর্ধিত ফি আমরা মানি না।” তারা অবিলম্বে বর্ধিত ফি পুনর্বিবেচনা করে শিক্ষার্থীবান্ধব ও সহনীয় পর্যায়ে নির্ধারণের দাবি জানান।
একই সঙ্গে দেশের সব আইন কলেজের শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থান থেকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা। তাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

বরিশাল প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ । ১১:০৪ অপরাহ্ণ