শ্রমিক দিয়ে নয়, নিজেই বেলচা হাতে নিয়ে প্রচণ্ড রোদের উত্তাপ উপেক্ষা করে সড়কের গর্ত ভরাটের কাজ করলেন কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা এলাকায় কটিয়াদী-টোক-কাপাসিয়া-গাজীপুর আঞ্চলিক মহাসড়কের পল্লী বিকাশ কেন্দ্র সংলগ্ন সানলাইট পিকেডেট স্কুলের সামনে ক্ষতিগ্রস্ত সড়কের অংশে তিনি নিজ উদ্যোগে সংস্কার কাজ শুরু করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কের ওই অংশে গর্ত সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর জনদুর্ভোগ কমাতে হাসান আহমেদ রমজান ব্যক্তিগত অর্থায়নে সড়কের গর্তগুলো ভরাটের উদ্যোগ নেন। এ সময় তিনি নিজেই বেলচা হাতে নিয়ে সংস্কার কাজে অংশ নেন।
তার এমন উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন। জনস্বার্থে রাজনৈতিক পরিচয়ের বাইরে থেকে নিজ উদ্যোগে সড়ক সংস্কারের এ কার্যক্রম স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ । ১০:৩৮ অপরাহ্ণ