বহুল আলোচিত মাগুরার ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ রায় দেবেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।
এর আগে সোমবার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য এ দিন ধার্য করেন। আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক শুনানি পরিচালনা করেন।
উল্লেখ্য, গত বছরের ৫ মার্চ বোন জামাইয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ এ পাশবিক নির্যাতন চালান বলে অভিযোগে উঠে আসে। মারাত্মক আহত অবস্থায় ঢাকা সিএমএইচে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া মারা যায়।
ঘটনার পর আছিয়ার মা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচার শেষে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন এবং অন্য ৩ আসামিকে খালাস দেন।
ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ হলে তা অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠাতে হয়। সে অনুসারে এ মামলার নথিও গত বছরের ২১ মে উচ্চ আদালতে পাঠানো হয়। পরে সব যাচাই-বাছাই শেষে পেপারবুক তৈরির জন্য বিজি প্রেসে পাঠানো হয়। প্রস্তুতের পর পেপারবুক ৮ জুন হাইকোর্টে পাঠানো হয়। এরপর শুনানির জন্য বিশেষায়িত বেঞ্চের কার্যতালিকাভুক্ত হয়।

দেশজামানা ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ । ৮:২১ পূর্বাহ্ণ