ভোলার লালমোহনে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে, রবিবার রাতে উপজেলার লালমোহন সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ ফুলবাগিচা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে মো. সুমন, মৃত হানিফের ছেলে মো. মান্নান, লাল মিয়ার ছেলে মো. বজলুর রহমান, কয়ছর আহমেদের ছেলে মো. আব্দুল আজিজ, রমাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আনিছুল হকের ছেলে মো. শাহাবুদ্দিন এবং মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর সাকুচিয়া এলাকার ইউসুফ মোল্লার ছেলে মো. জাকির।
জানা গেছে, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফুলবাগিচা এলাকায় একটি অভিযান পরিচালনা করে পুলিশের একটি টিম। এ সময় স্থানীয় একটি দোকানের ভেতর জুয়া খেলায় অবস্থায় ৬ জনকে আটক করা হয়। পরে তাদের থানায় নেয়া হয়।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, জুয়া প্রতিরোধ আইনে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত একটি মামলা দায়ের হয়েছে। এরপর সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শফিকুর রহমান সবুজ, ভোলা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ । ৯:৩৮ অপরাহ্ণ