মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে প্রচলিত ‘ঈদে মিলাদুন্নবী’ উদযাপন থেকে মুসলমানদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন মসজিদুল হারামের প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি বলেন, এ ধরনের আনুষ্ঠানিক উদযাপনের শরিয়তসম্মত ভিত্তি নেই এবং এটি দ্বীনের মধ্যে পরবর্তীকালে সংযোজিত একটি বিষয়।
আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের প্রস্তুতির মধ্যে তাঁর এ বক্তব্য সামনে এসেছে।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) মহানবী (সা.)-এর সিরাত নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে শায়খ সুদাইস এ আহ্বান জানান।
বক্তব্যে শায়খ সুদাইস বলেন, মহানবী (সা.), খুলাফায়ে রাশেদিন কিংবা সাহাবায়ে কেরাম কেউই নবীজির জন্মদিনকে আলাদা ধর্মীয় উৎসব হিসেবে উদযাপন করেননি। তাই মুসলমানদের উচিত নবীজি (সা.)-এর দেখানো পথ অনুসরণ করা এবং দ্বীনের মধ্যে এমন কোনো বিষয় সংযোজন না করা, যার শরিয়তসম্মত ভিত্তি নেই।
তিনি এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.)-এর একটি হাদিসের মর্ম তুলে ধরে বলেন, দ্বীনের মধ্যে নতুন উদ্ভাবিত বিষয় থেকে সতর্ক থাকতে হবে। কারণ নতুন উদ্ভাবিত বিষয় বেদয়াত এবং বেদয়াত পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়।
তিনি আরও বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, ‘অনুসরণ করো এবং নতুন কিছু উদ্ভাবন করো না, কারণ তোমাদের জন্য যথেষ্ট দেওয়া হয়েছে। পুরাতন পথকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, কারণ তাই তোমাদের জন্য যথেষ্ট।’ উমর ইবনে খাত্তাব বলেছেন, ‘প্রত্যেক উদ্ভাবনই পথভ্রষ্টতা, যদিও মানুষ তাকে ভালো মনে করে।’
মসজিদুল হারামের ইমাম ও খতিব বলেন, নবী (সা.)-এর প্রতি ভালোবাসা দেখানোর প্রকৃত উপায় হলো, তাঁর সুন্নাহ অনুসরণ করা এবং এ প্রসঙ্গে তিনি কোরআন থেকে উদ্ধৃত করেন, ‘বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেবেন।’
সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২৬ । ৪:২৬ অপরাহ্ণ