নিবন্ধন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা প্রাথমিক বিদ্যালয় কার্যক্রম শুরু করতে পারবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেছেন, বেসরকারি এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক করা হবে এবং নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর ওপরও কঠোর নজরদারি চালানো হবে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের পিটিআই কনফারেন্স রুমে ‘প্রাথমিক শিক্ষার রূপান্তর ও কর্মপরিকল্পনা’ নিয়ে দিনব্যাপী কর্মশালা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনগুলোতে কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়গুলোর ওপর শক্তভাবে মনিটরিং করা হয়নি। অনেক প্রতিষ্ঠানের নিবন্ধন থাকলেও সেগুলো যথাযথভাবে তদারকি করা হয়নি। এমনকি মনিটরিংয়ের জন্য কার্যকর নীতিও তৈরি করা হয়নি।
তিনি আরো বলেন, এখন এসব ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। নিবন্ধন ছাড়া কোনো বিদ্যালয় কার্যক্রম পরিচালনা করতে পারবে না। পাশাপাশি নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকেও নিয়মিত ও কঠোরভাবে মনিটরিংয়ের আওতায় আনা হবে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ । ৭:৩০ অপরাহ্ণ