ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।
রবিবার (১৬ আগস্ট) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কোতোয়ালি থানাধীন ২ নম্বর কুঠিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহুকে তার নিজ দখলীয় বসতবাড়ির সামনের গলি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মেথামফেটামিনযুক্ত ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার মেহেরুন্নেসা বৃষ্টিকে ফরিদপুর জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়। আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ডিএনসির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ । ১২:৫৬ অপরাহ্ণ