মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ । ১১:৩৬ পূর্বাহ্ণ

মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ফরিদপুর-৪ (সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল এমন আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গন ও তার নির্বাচনী এলাকায়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও তাকে মন্ত্রিসভায় দেখতে প্রত্যাশা তৈরি হয়েছে।

মো. শহিদুল ইসলাম বাবুল বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই মেধাবী শিক্ষার্থী দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত।

এলাকাবাসীর প্রত্যাশা, মন্ত্রিসভায় সুযোগ পেলে শহিদুল ইসলাম বাবুল ফরিদপুর-৪ আসনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিশেষ করে সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গার যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে তার কাছে বড় প্রত্যাশা রয়েছে স্থানীয়দের।

এ বিষয়ে সদরপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুর রহমান বাবুল ‘দেশজামানা’কে বলেন, “বাবুল ভাই দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করে তৃণমূল থেকে রাজনীতিতে উঠে আসা একজন নেতা। আমরা চাই তিনি মন্ত্রী হয়ে দেশ ও আমাদের এলাকার উন্নয়নের সারথি হোন।”

এদিকে মৎস্যজীবী দলের সদরপুর উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক তাজুল বলেন, “আমরা অনেক প্রত্যাশা নিয়ে জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছি। আমাদের বিশ্বাস, আমার নেতা বাবুল ভাই মন্ত্রী হবেন।”

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততার কারণে মন্ত্রিসভায় শহিদুল ইসলাম বাবুলকে দেখতে চান তারা। এখন তাদের প্রত্যাশা দলীয় সিদ্ধান্তে তিনি মন্ত্রিসভায় স্থান পেয়ে দেশ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন