গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর অভিযোগ করেছেন, কুষ্টিয়ায় তার দলের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালিয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
রগকাটা জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে!’ শিরোনামে দেওয়া পোস্টে নুরুল হক নুর দাবি করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর উপর্যুপরি হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, হামলায় কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নুরুল হক নুর তার পোস্টে আরো বলেন, “জামায়াত-শিবিরকে স্মরণ করিয়ে দিতে চাই, গত দেড় দশক যেভাবে গুপ্ত ছিলেন, বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে।”
পোস্টে তিনি আহত এক নেতার এবং একজনের রক্তাক্ত পায়ের ছবি সংযুক্ত করেন।
তবে নুরুল হক নুরের অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্রশিবিরের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ । ১০:৪৩ অপরাহ্ণ