কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ কুড়িগ্রাম হাইস্কুল থেকে ম্যাট্রিক (১৯৩৯), ঢাকা কলেজ থেকে আইএ (১৯৪১) এবং ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে ডিস্টিংকশনসহ বিএ (১৯৪৩) পাশ করেন।
বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম নক্ষত্র সৈয়দ ওয়ালীউল্লাহ ১৯২২ খ্রিষ্টাব্দের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে জন্মগ্রহণ করেন। বাবা সৈয়দ আহমাদুল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা, মা নাসিম আরা খাতুনও ছিলেন সমতুল্য উচ্চশিক্ষিত ও রুচিশীল পরিবার থেকে উঠে আসা ব্যক্তিত্ব।
কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ কুড়িগ্রাম হাইস্কুল থেকে ম্যাট্রিক (১৯৩৯), ঢাকা কলেজ থেকে আইএ (১৯৪১) এবং ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে ডিস্টিংকশনসহ বিএ (১৯৪৩) পাশ করেন।
ছাত্রজীবনে সৈয়দ ওয়ালীউল্লাহ একাধিক মাসিকপত্রে লেখালেখির সঙ্গে জড়িত ছিলেন। ফেনী হাইস্কুলে ছাত্র থাকাকালেই তার সাহিত্যচর্চা শুরু হয়। এ সময় তিনি হাতে লেখা পত্রিকা ‘ভোরের আলো’ সম্পাদনা করেন।
তার প্রথম গল্প ‘হঠাৎ আলোর ঝলকানি’ ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়। ইংরেজি-বাংলা উভয় ভাষায় তার দক্ষতা ছিল। তিনি ‘কনটেম্পোরারি’ নামে একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করেন।
১৯৪৫ থেকে ৪৭ সাল পর্যন্ত তিনি কলকাতার দৈনিক স্টেটসম্যান পত্রিকার সাব-এডিটর ছিলেন। সওগাত, মোহাম্মদী, বুলবুল, পরিচয়, অরণি, পূর্বাশা ইত্যাদি পত্রিকায় তার লেখা প্রকাশিত হতো। সৈয়দ ওয়ালীউল্লাহ বাংলার গ্রাম ও সমাজজীবনকে তার ‘লালসালু’ উপন্যাসে রূপদান করেন। তার অন্য দুটি উপন্যাস ‘চাঁদের অমাবস্যা’ ও ‘কাঁদো নদী কাঁদো’ বাংলা সাহিত্যে দুটি ব্যতিক্রমধর্মী সৃষ্টি। তিনি তার লেখায় সমাজের কুসংস্কার, ধর্মীয় ভন্ডামি, মানসিক ও চারিত্রিক স্খলন ইত্যাদি উন্মোচিত করেছেন।
১৯৪৭ সালে দেশ ভাগের পর সৈয়দ ওয়ালীউল্লাহ ঢাকায় এসে প্রথমে ঢাকা বেতার কেন্দ্রের সহকারী বার্তা-সম্পাদক এবং পরে করাচি কেন্দ্রের বার্তা-সম্পাদক (১৯৫০-৫১) হন। এরপর তিনি পাকিস্তান সরকারের বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেন।
সৈয়দ ওয়ালীউল্লাহ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশে প্রচারকার্য চালান এবং বিচারপতি আবু সাঈদ চৌধুরীর সঙ্গে ফরাসি একাডেমির সদস্য পিয়ের এমানুয়েল, আঁদ্রে মারলো প্রমুখ বুদ্ধিজীবীর সহযোগিতায় বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলার চেষ্টা করেন।
সৈয়দ ওয়ালীউল্লাহ দেশ-বিদেশের অনেক সাহিত্য পুরস্কার এবং বাংলাদেশ সরকারের ‘একুশে পদক’ (মরণোত্তর, ১৯৮৩) লাভ করেন। তিনি ১৯৭১ সালের ১০ অক্টোবর প্যারিসে মৃত্যুবরণ করেন।
দেশজামানা/এমএমআর

দেশজামানা ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ । ৯:৫১ পূর্বাহ্ণ