৬ মাসে বিএনপি সরকারের অধিকাংশ নির্বাচনী অঙ্গীকার ও কর্মসূচি বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, কোথাও ১০০ শতাংশ, আবার কোথাও ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত লক্ষ্য পূরণ হয়েছে। সরকারের ছয় মাসের অর্জনের বিস্তারিত পরিসংখ্যান শিগগির প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার ঢাকাসহ সারা দেশে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলার দলীয় কার্যালয়গুলোতে একযোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এ ছাড়া বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়েও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের কার্যক্রম ও পারফরম্যান্স নিয়ে কথা বলেন রিজভী।
তিনি আরও আশা প্রকাশ করে বলেন, আগামী ৬ মাসে সরকারের কাজ আরও জোরালো ও কার্যকর রূপ নেবে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ । ৬:১৪ অপরাহ্ণ